অভিনেত্রী শাবনূর ও সংগীতশিল্পী রবি চৌধুরীর বন্ধুত্বের এক মিষ্টি মুহূর্ত ধরা পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। অস্ট্রেলিয়ার সিডনিতে একসঙ্গে ঘুরতে গিয়ে শাবনূরের অনুরোধে নিজের জনপ্রিয় গান গেয়ে শোনান রবি চৌধুরী।
শুক্রবার (৯ অক্টোবর) প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, গাড়ি চালাচ্ছেন শাবনূর। পাশের আসনে বসে গান গাইছেন রবি চৌধুরী। পেছনের আসনে ছিল শাবনূরের একমাত্র ছেলে আইজান নেহান।
দীর্ঘদিন ধরে অস্ট্রেলিয়ায় বসবাস করছেন শাবনূর। অন্যদিকে, সম্প্রতি মঞ্চে গান গাইতে অস্ট্রেলিয়ায় গেছেন রবি চৌধুরী। তাঁর আসার খবর পেয়ে আগেই একসঙ্গে ঘোরার পরিকল্পনা করেছিলেন অভিনেত্রী। শুক্রবার সেই পরিকল্পনা অনুযায়ী সিডনির বিভিন্ন মনোরম জায়গায় ঘুরে বেড়ান তাঁরা।
ঘোরার সময় শাবনূরের অনুরোধে রবি চৌধুরী গেয়ে শোনান তাঁর পছন্দের গান ‘যেভাবেই তুমি সকাল দেখো’। পরে গাড়ি থেকে নেমে ‘ভালোবাসি তোমাকে’ চলচ্চিত্রের জনপ্রিয় গান ‘অনেক সাধনার পরে আমি পেলাম তোমার মন’ পরিবেশন করেন তিনি।
শাবনূর ও রবি চৌধুরীর জন্মদিন একই দিনে—১৭ ডিসেম্বর। এর আগে শাবনূর ঢাকায় এলে রবি চৌধুরীর বাসায় একসঙ্গে জন্মদিন উদ্যাপন করেছেন তাঁরা। সময়ের সঙ্গে দুজনের জীবন ও ঠিকানা বদলালেও তাঁদের বন্ধুত্ব অটুট রয়েছে।
সিডনিতে কাটানো মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে শাবনূর লেখেন, প্রিয় সংগীতশিল্পী রবি চৌধুরীকে কাছে পেয়ে ‘ভালোবাসি তোমাকে’ চলচ্চিত্রের স্মৃতিতে ফিরে গেছেন তিনি। ছবিটির জনপ্রিয় গান ‘অনেক সাধনার পরে আমি পেলাম তোমার মন’ শুনে নস্টালজিয়ায় ডুবে যাওয়ার কথাও জানান অভিনেত্রী।
গানটির মূল শিল্পী ছিলেন খালিদ হাসান মিলু ও কনকচাঁপা। ‘ভালোবাসি তোমাকে’ চলচ্চিত্রটি পরিচালনা করেছিলেন মহম্মদ হান্নান। গানটির গীতিকার ও সুরকার ছিলেন আহমেদ ইমতিয়াজ বুলবুল।
শাবনূরের ভাষায়, রবি চৌধুরীর সঙ্গে সিডনিতে কাটানো সুন্দর মুহূর্তগুলো তাঁর কাছে স্মরণীয় হয়ে থাকবে।

মন্তব্য করুন