বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুরের প্রথম ইউনিট থেকে দ্রুততম সময়ের মধ্যে জাতীয় গ্রিডে পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ সরবরাহ সম্ভব হবে বলে জানিয়েছে রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি করপোরেশন রোসাটম।

শুক্রবার (৯ অক্টোবর) রাশিয়ার মস্কোতে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনামের সঙ্গে রোসাটমের মহাপরিচালক অ্যালেক্সি লিখাচেভের উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়।

বৈঠকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের সার্বিক অগ্রগতি এবং প্রথম ইউনিট থেকে বিদ্যুৎ উৎপাদনের সময়সীমা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

রোসাটমের মহাপরিচালক জানান, রূপপুরের প্রথম ইউনিটের ভিভিইআর-১২০০ চুল্লি থেকে দ্রুততম সময়ের মধ্যে জাতীয় গ্রিডে পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা সম্ভব হবে।

তিনি বলেন, বাংলাদেশের বিদ্যুৎ নিরাপত্তা নিশ্চিত করা এবং পরিবেশবান্ধব ও সাশ্রয়ী জ্বালানি সরবরাহের ক্ষেত্রে প্রকল্পটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বৈঠকে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী জানান, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুটি ইউনিটের মোট উৎপাদনক্ষমতা ২ হাজার ৪০০ মেগাওয়াট। কেন্দ্রটি দেশের মোট বিদ্যুৎ চাহিদার প্রায় ১১ শতাংশ পূরণে সক্ষম হবে।

এদিকে, রোসাটমের মহাপরিচালক জানান, আগামী বছর থেকে প্রকল্পের দ্বিতীয় ইউনিটের কমিশনিং ও প্রাথমিক চালুর কার্যক্রম শুরু হবে।

বৈঠকে রূপপুর প্রকল্পের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ভবিষ্যতে বাংলাদেশের পারমাণবিক জ্বালানি খাতের সম্প্রসারণ এবং দুই দেশের মধ্যে সহযোগিতা আরও জোরদার করার বিষয়েও আলোচনা হয়।