গাজীপুরের শ্রীপুরে বিকাশের এক ডিস্ট্রিবিউটরের নগদ টাকা বহনকারী প্রাইভেটকারে হামলা চালিয়ে প্রায় তিন কোটি টাকা লুট করেছে দুর্বৃত্তরা। এ সময় গুলিতে একজন আহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন।
শুক্রবার (৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শ্রীপুর-গোসিঙ্গা আঞ্চলিক সড়কের কর্ণপুর এলাকায় এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ ব্যক্তির নাম হিমেল। তিনি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের হিসাব ব্যবস্থাপক। আহত অন্য দুজন হলেন গাড়িচালক লাল মিয়া ও এরিয়া ম্যানেজার ফরহাদ। হিমেলকে শ্রীপুর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ভালুকা চ্যানেল এন্টারপ্রাইজ লিমিটেডের শ্রীপুরের ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান জানান, প্রতিষ্ঠানটি মাওনা চৌরাস্তা এলাকায় বিকাশের কার্যক্রম পরিচালনা করে। শুক্রবার ব্যাংক বন্ধ থাকায় এবং পোশাকশ্রমিকদের বেতন দেওয়ার চাপ থাকায় নগদ টাকার সংকট দেখা দেয়। পরে বিকাশের নিয়ম অনুযায়ী নরসিংদীর ডিস্ট্রিবিউটর হযরত আলী মুন্সীর কাছ থেকে নগদ টাকা সংগ্রহ করা হচ্ছিল।
তিনি জানান, প্রাইভেটকারটিতে তিনটি প্লাস্টিকের বস্তায় মোট চার কোটি টাকা ছিল। সন্ধ্যায় কর্ণপুর এলাকায় পৌঁছালে ১০ থেকে ১২টি মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা গাড়িটির পথ আটকে দেয়। দেশীয় অস্ত্র ও চাইনিজ কুড়াল দিয়ে গাড়ির কাচ ভাঙার পর দুর্বৃত্তদের একজন পিস্তল দিয়ে হিসাব ব্যবস্থাপককে লক্ষ্য করে গুলি চালায়। পরে দুর্বৃত্তরা টাকাভর্তি তিনটি বস্তা নিয়ে পালিয়ে যায়। প্রাথমিকভাবে লুট হওয়া অর্থের পরিমাণ প্রায় তিন কোটি টাকা বলে ধারণা করা হচ্ছে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহীনুর আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাটি তদন্ত শুরু করেছে। ঘটনাস্থল ও আহত ব্যক্তিদের কাছ থেকে তথ্য সংগ্রহ করা হচ্ছে। তদন্তের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন