চার দিনের রাষ্ট্রীয় সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে সোমবার (২৬ অক্টোবর) সকাল ৬টা ৫ মিনিটে নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। সেখানে তাকে স্বাগত জানান জাপানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী নাকাসোনে ইয়াসুতাকা।
এর আগে রোববার দিবাগত রাত ১২টা ১০ মিনিটে বাংলাদেশ বিমানের নিয়মিত ফ্লাইটে প্রতিনিধিদল নিয়ে জাপানের উদ্দেশে ঢাকা ছাড়েন প্রধানমন্ত্রী।
সফরের প্রথম দিনেই জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠকে বসার কথা রয়েছে তারেক রহমানের। বৈঠক শেষে যৌথ সংবাদ বিবৃতি প্রকাশ এবং মধ্যাহ্নভোজে অংশ নেওয়ার কর্মসূচি রয়েছে।
সফরে দুই দেশের অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক জোরদার, বাণিজ্য সম্প্রসারণ এবং জাপানি বিনিয়োগ বাড়ানোর বিষয়গুলো গুরুত্ব পাবে। বিশেষ করে বাংলাদেশ-জাপান অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তির বাস্তবায়ন, বাংলাদেশের পণ্যের জন্য জাপানের বাজারে প্রবেশাধিকার বৃদ্ধি এবং চলমান উন্নয়ন প্রকল্প দ্রুত এগিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
প্রধানমন্ত্রী জাপানের সরকারি কর্মকর্তা, উন্নয়ন সংস্থা ও ব্যবসায়িক নেতাদের সঙ্গে বৈঠক করবেন। পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানি, কৃষি, বিজ্ঞান ও প্রযুক্তি, ডিজিটাল রূপান্তর এবং মানবসম্পদ উন্নয়নে সহযোগিতা বাড়ানোর বিষয়েও আলোচনা হবে।
সফরকালে বাংলাদেশ-জাপান ইকোনমিক ফোরামে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন প্রধানমন্ত্রী। জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা), জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল কো-অপারেশন এবং জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গেও তার বৈঠকের পরিকল্পনা রয়েছে। সফরে কয়েকটি সমঝোতা স্মারক স্বাক্ষরের প্রত্যাশা করছে বাংলাদেশ।
এ ছাড়া রোহিঙ্গা সংকটের সমাধান, আঞ্চলিক ও আন্তর্জাতিক শান্তি-স্থিতিশীলতা এবং জ্বালানি সংকট মোকাবিলায় সহযোগিতা নিয়েও দুই পক্ষের আলোচনা হতে পারে।
প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে রয়েছেন তার স্ত্রী ডা. জুবাইদা রহমান, সরকারের কয়েকজন মন্ত্রী ও প্রতিমন্ত্রী, উপদেষ্টা, ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর।
১৯৭২ সালে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর থেকে জাপান বাংলাদেশের অন্যতম প্রধান উন্নয়ন সহযোগী। দেশটির সহায়তায় ঢাকা মেট্রোরেল, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালসহ বেশ কয়েকটি বড় অবকাঠামো প্রকল্প বাস্তবায়িত হচ্ছে।

মন্তব্য করুন