
রাজশাহীর পদ্মা নদীতে একটি অপ্রাপ্তবয়স্ক ডলফিনের মৃতদেহ ভেসে এসেছে। বন বিভাগের বন্য প্রাণী ও প্রকৃতি সংরক্ষণের কর্মকর্তারা প্রাথমিকভাবে ধারণা করছেন, কোনো নৌযানের প্রপেলারের আঘাতে ডলফিনটির মৃত্যু হয়েছে।
গত শুক্রবার (২৫ এপ্রিল) সকালে রাজশাহী কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মো. আলাউদ্দিন মৃত ডলফিনের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন। ওই ছবির সূত্র ধরে বিকেল সাড়ে পাঁচটার দিকে বন বিভাগের একটি দল মহানগরীর তালাইমারী ফুলতলা ঘাটের পাশের পদ্মা নদী থেকে ডলফিনটির মরদেহ উদ্ধার করে।
ডলফিনটির দৈর্ঘ্য প্রায় তিন ফুট এবং এটি দুই দিন আগে মারা গেছে বলে কর্মকর্তাদের ধারণা।
চট্টগ্রাম মেডিকেল কলেজের ভেনম রিসার্চ সেন্টারের সহকারী গবেষক ও প্রশিক্ষক বোরহান বিশ্বাস জানান, জন্মের সময় ডলফিন সাধারণত ৭০ থেকে ৯০ সেন্টিমিটার লম্বা হয়। উদ্ধার হওয়া ডলফিনটি প্রায় ১০০ সেন্টিমিটার হওয়ায় অনুমান করা হচ্ছে, এটি এক বছরের মধ্যেই ছিল এবং এখনো মায়ের দুধ খাওয়ার বয়সে ছিল।
আরো পড়ুন: বিদেশে বিবস্ত্র ও জিম্মি করে মুক্তিপণ আদায়, মূলহোতা গ্রেফতার
গবেষক বোরহান বিশ্বাস জানান, রাজশাহীতে এটি প্রথম প্রপেলারের আঘাতে মৃত্যু হওয়া ডলফিনের ঘটনা। হালদা নদীতে ইরাবতী ডলফিনের এমন মৃত্যুর বহু নজির থাকলেও, এই ডলফিনটি গাঙ্গেয় শুশুক, যা জলজ পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
বন বিভাগের বন্য প্রাণী পরিদর্শক জাহাঙ্গীর কবির জানান, মৃত ডলফিনটি পরীক্ষার জন্য উপযুক্ত অবস্থায় না থাকায় মাটিতে পুঁতে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে পরিবেশের ক্ষতি না হয়। তিনি মাছ ধরার সঙ্গে জড়িতদের অনুরোধ জানিয়েছেন, ডলফিন কোনোভাবে জালে আটকা পড়লে যেন তারা সতর্কতার সঙ্গে সেটিকে নদীতে অবমুক্ত করেন।
