বাগেরহাটের রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ রাজীব আল রশিদ মারা গেছেন। রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়ার পর খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বুধবার (৭ অক্টোবর) দিবাগত রাত ১টা ২০ মিনিটে হাসপাতালে তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন রামপাল থানার ওসি (তদন্ত) সুব্রত পাল।

জানা গেছে, রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন শেখ রাজীব আল রশিদ। দ্রুত তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকদের প্রাথমিক ধারণা, হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে।

রাজীব আল রশিদের আকস্মিক মৃত্যুতে পুলিশ কর্মকর্তা ও সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। কর্মস্থলে দায়িত্ব পালনরত অবস্থায় তার এমন মৃত্যুতে স্বজন ও সহকর্মীরা গভীরভাবে শোকাহত।

মরহুমের জানাজা বাদ জোহর খুলনার আইচগাতিতে তার নিজ বাড়িতে অনুষ্ঠিত হবে। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। মৃত্যুকালে শেখ রাজীব আল রশিদ স্ত্রী, ১০ বছর বয়সী এক ছেলে ও ৬ বছর বয়সী এক মেয়ে রেখে গেছেন।