রাজধানী ঢাকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ৫১টি মামলা দায়ের করা হয়েছে। অভিযানে মাদকদ্রব্য, মোবাইল ফোন, চাপাতি ও নগদ টাকা উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৯ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য জানান।

ডিএমপির তথ্যমতে, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে মিরপুর বিভাগে সর্বোচ্চ ১২৪ জন, তেজগাঁও বিভাগে ৯০ জন, ওয়ারী বিভাগে ৭১ জন, উত্তরা বিভাগে ৫১ জন, মতিঝিল বিভাগে ৪৯ জন, লালবাগ বিভাগে ৪১ জন, গুলশান বিভাগে ৩২ জন, রমনা বিভাগে ২১ জন এবং গোয়েন্দা বিভাগে একজন রয়েছেন।

অভিযানে ১ কেজি ১৬০ গ্রাম গাঁজা, ২ হাজার ২৩৭ পিস ইয়াবা, ২০ বোতল ফেনসিডিল, আটটি মোবাইল ফোন, একটি চাপাতি ও নগদ ৩৫ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। এ ছাড়া একজন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে এসব গ্রেপ্তার ও উদ্ধার কার্যক্রম পরিচালনা করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।