ঢাকা-সিলেট মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে প্রায় পাঁচ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও পরিবহন শ্রমিকরা। বুধবার (৮ অক্টোবর) বিকেল থেকে তারাবো থেকে ভুলতা গাউছিয়া পর্যন্ত মহাসড়কের বিভিন্ন অংশে যানজট দেখা দেয়। রাত ৯টা পর্যন্ত সড়কে যানবাহনের দীর্ঘ সারি ছিল। যানজট নিরসনে হাইওয়ে পুলিশ কাজ করছে বলে জানিয়েছে।
পুলিশ, যাত্রী ও পরিবহন শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, মহাসড়ক ছয় লেনে উন্নীত করার কাজ চলমান থাকায় যান চলাচলে ধীরগতি তৈরি হয়েছে। এর সঙ্গে দুপুরের বৃষ্টিতে সড়কের পাকা অংশ থেকে যানবাহন কাঁচা অংশে নামতে না পারা, ট্রাফিক আইন না মেনে একাধিক লেনে চলাচলের চেষ্টা, যত্রতত্র যাত্রী ওঠানামা এবং সড়কের খানাখন্দ পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।
বিকেল ৫টার পর থেকে বিভিন্ন সময়ে থেমে থেমে যানজট বাড়তে থাকে। এতে স্বাভাবিক সময়ের তুলনায় কয়েক গুণ বেশি সময় লাগছে গন্তব্যে পৌঁছাতে। এক যাত্রী জানান, শিমড়াইল থেকে গাউছিয়ার উদ্দেশ্যে বাসে ওঠার প্রায় ৪৫ মিনিট পরও তিনি রূপসী পার হতে পারেননি।
সিলেটগামী এক বাসচালক বলেন, কাচপুর থেকে গাউছিয়া পর্যন্ত সড়কের অবস্থা অত্যন্ত খারাপ। স্বাভাবিক সময়ে যেখানে ১৫ মিনিট লাগে, যানজটের কারণে সেখানে ৪০ মিনিট থেকে এক ঘণ্টা পর্যন্ত সময় লাগছে।






মন্তব্য করুন