নাটোর রেলস্টেশন থেকে চুরি হওয়া ম্যাকবুক ও ডিএসএলআর ক্যামেরা উদ্ধার না হওয়ায় ঢাকায় ফিরে গেছেন জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডার। মালামাল উদ্ধারে পুলিশের একাধিক ইউনিট অভিযান চালালেও সেগুলোর সন্ধান পাওয়া যায়নি।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেল ৪টার দিকে রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে পদ্মা এক্সপ্রেস ট্রেনে ঢাকার উদ্দেশে রওনা হন ১৮ বছর বয়সী এই পর্যটক। এর আগে বুধবার (৭ অক্টোবর) বিকেলে নাটোর রেলস্টেশনের যাত্রী বিশ্রামাগার থেকে তাঁর ব্যাগ চুরি হয়। পরে তিনি নাটোর সদর থানায় অভিযোগ জানান।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বগুড়ার বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে সান্তাহার থেকে ট্রেনে রাজশাহীর উদ্দেশে যাত্রা করেছিলেন ক্রিল ল্যান্ডার। নাটোর স্টেশনে নেমে অন্য ট্রেনে দর্শনা হয়ে ভারতে যাওয়ার পরিকল্পনা ছিল তাঁর।
পর্যটকের অভিযোগ, ট্রেনের টিকিট কেনার জন্য এটিএম বুথে টাকা তুলতে যাওয়ার সময় তিনি নিজের ব্যাগ দেখাশোনার দায়িত্ব এক ব্যক্তিকে দেন। ওই ব্যক্তি নিজেকে রেলওয়ের কর্মকর্তা হিসেবে পরিচয় দিয়েছিলেন। টাকা তুলে ফিরে এসে তিনি ওই ব্যক্তি ও ব্যাগের কোনো সন্ধান পাননি। পরে জানতে পারেন, লোকটি রেলওয়ের কর্মকর্তা ছিলেন না।
চুরি হওয়া মালামালের অবস্থান রাজশাহীতে শনাক্ত হওয়ার তথ্য পেয়ে বুধবার রাতে সেখানে যান ক্রিল ল্যান্ডার। পুলিশ তাঁর থাকা ও খাওয়ার ব্যবস্থা করে। পরদিন তিনি রাজশাহী রেলওয়ে থানায় অবস্থান করেন এবং মালামাল উদ্ধারের অপেক্ষা করেন।
রাজশাহী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজুর রহমান জানান, প্রথমে ল্যাপটপটির অবস্থান রাজশাহীর রেলগেট এলাকায় দেখা যায়। পরে মহিলা কলেজের আশপাশে এবং বৃহস্পতিবার সকালে আব্দুলপুর রেলস্টেশনের কাছে সেটির অবস্থান শনাক্ত হয়। এরপর রেলওয়ে পুলিশ, বোয়ালিয়া থানা-পুলিশ, গোয়েন্দা পুলিশ ও বিশেষায়িত বাহিনীর সদস্যরা বিভিন্ন স্থানে অভিযান চালান। তিতুমীর ও বনলতা এক্সপ্রেস ট্রেনেও তল্লাশি করা হয়। তবে ল্যাপটপ ও ক্যামেরা উদ্ধার করা সম্ভব হয়নি।
ক্রিল ল্যান্ডার জানান, তাঁর পাসপোর্ট ও মুঠোফোন সঙ্গে থাকলেও ল্যাপটপে গুরুত্বপূর্ণ তথ্য ও নথি রয়েছে। বাংলাদেশে এটিই তাঁর প্রথম ভ্রমণ। এ ঘটনায় পুলিশ তাঁকে সহযোগিতা করছে বলেও জানান তিনি। পুলিশ জানিয়েছে, জার্মান পর্যটকের মালামাল উদ্ধারে রাজশাহী মহানগর পুলিশ, গোয়েন্দা পুলিশ, বিশেষায়িত বাহিনী, ট্যুরিস্ট পুলিশ ও রেলওয়ে পুলিশ সমন্বিতভাবে কাজ করছে। মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

মন্তব্য করুন