ছুটির দিনেও রাজধানী ঢাকার বায়ুমানের উন্নতি হয়নি। শুক্রবার বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় পঞ্চম অবস্থানে রয়েছে ঢাকা। এদিন শহরটির বায়ুমান সূচক (একিউআই) স্কোর ১৭২, যা ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত।
সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের তথ্যে এ চিত্র উঠে এসেছে।
তালিকায় ২১৭ স্কোর নিয়ে বিশ্বের সবচেয়ে দূষিত শহর হিসেবে শীর্ষে রয়েছে সিঙ্গাপুর। দ্বিতীয় অবস্থানে থাকা মালয়েশিয়ার কুয়ালালামপুরের স্কোর ২১০। পাকিস্তানের লাহোর ১৮৬ স্কোর নিয়ে তৃতীয় এবং ভিয়েতনামের হ্যানয় ১৭৫ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে।
আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, বায়ুমান সূচক ০ থেকে ৫০ হলে বাতাসের মান ভালো, ৫১ থেকে ১০০ হলে মাঝারি এবং ১০১ থেকে ১৫০ হলে সংবেদনশীল ব্যক্তিদের জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। সূচক ১৫১ থেকে ২০০ হলে বাতাস অস্বাস্থ্যকর এবং ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর ধরা হয়। ৩০১-এর বেশি স্কোরকে দুর্যোগপূর্ণ হিসেবে গণ্য করা হয়।
বাংলাদেশে বায়ুমান সূচক নির্ধারণে বস্তুকণা পিএম২.৫ ও পিএম১০, নাইট্রোজেন ডাই-অক্সাইড, কার্বন মনোক্সাইড, সালফার ডাই-অক্সাইড এবং ওজোনের মতো দূষক বিবেচনা করা হয়। ঢাকার বায়ুমান অস্বাস্থ্যকর পর্যায়ে থাকায় বিশেষ করে শিশু, বয়স্ক ব্যক্তি এবং শ্বাসকষ্টজনিত সমস্যায় ভোগা মানুষের সতর্ক থাকা জরুরি।

মন্তব্য করুন