নাটোর রেলওয়ে স্টেশনে ভুল করে নেমে বিপাকে পড়েছেন জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডার উইবার। স্টেশনের প্রথম শ্রেণির বিশ্রামাগার থেকে তার ব্যাগসহ ল্যাপটপ, ক্যামেরা ও গুরুত্বপূর্ণ মালামাল চুরি হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি।

বুধবার (৭ অক্টোবর) বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই পর্যটক নাটোর সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। তিনি ইউক্রেনীয় বংশোদ্ভূত বলে জানা গেছে।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান জানান, বগুড়ার বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে ক্রিল ল্যান্ডার সান্তাহার রেলওয়ে স্টেশনে যান। সেখান থেকে দর্শনা হয়ে ভারতে যাওয়ার উদ্দেশ্যে বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনে ওঠেন তিনি।

তবে ভুল করে নাটোর রেলওয়ে স্টেশনে নেমে যান ক্রিল। পরে স্টেশনের প্রথম শ্রেণির বিশ্রামাগারে বসে অপেক্ষা করছিলেন। সেখানে এক যুবকের সঙ্গে তার পরিচয় হয়।

অভিযোগ অনুযায়ী, একপর্যায়ে ওই যুবক কৌশলে পর্যটকের ব্যাগ ও অন্যান্য মালামাল নিয়ে চলে যান। এতে ল্যাপটপ, ক্যামেরাসহ গুরুত্বপূর্ণ জিনিসপত্র হারিয়ে ফেলেন তিনি। পরে স্টেশনেই কান্নায় ভেঙে পড়েন ক্রিল।

রেলওয়ে কর্মীদের পরামর্শে রাতে নাটোর সদর থানায় গিয়ে পুলিশের কাছে ঘটনার কথা জানান তিনি। তবে পুলিশ জানায়, ঘটনাটি রেলওয়ে পুলিশের আওতাধীন হওয়ায় তাকে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করিয়ে দেওয়া হয়েছে।

ওসি মনসুর রহমান বলেন, রাজশাহীতে রেলওয়ে পশ্চিমাঞ্চলের কর্মকর্তাদের সঙ্গেও বিষয়টি নিয়ে যোগাযোগ করা হয়েছে। পর্যটককে রাজশাহীতে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

পুলিশ জানিয়েছে, চুরি যাওয়া ইলেকট্রনিক ডিভাইসগুলোর অবস্থান শনাক্ত করা সম্ভব হলে সেগুলো উদ্ধারের সম্ভাবনা রয়েছে। পরে রাত ৮টার দিকে নাটোর থেকে রাজশাহীর উদ্দেশে রওনা হন ওই জার্মান পর্যটক।