বিয়ের সাজে আবারও ক্যামেরার সামনে হাজির হয়েছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। তবে এবার বাস্তব জীবনের কোনো আয়োজন নয়, কাজের প্রয়োজনে বউ সাজে ধরা দিয়েছেন তিনি। তার নতুন সাজের ছবি প্রকাশের পরই ভক্তদের প্রশংসায় ভাসছেন এই অভিনেত্রী।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) নিজের ভ্যারিফায়েড ফেসবুক পেজে বেশ কয়েকটি ছবি প্রকাশ করেন মেহজাবীন। ছবিতে তাকে সাদা শাড়িতে স্নিগ্ধ ও আভিজাত্যপূর্ণ সাজে দেখা গেছে। শাড়িতে সূক্ষ্ম নকশা ও কারুকাজের পাশাপাশি মাথায় সাদা লেসের ওড়না, কপালে টিকলি এবং কানে ঝোলানো দুল ছিল তার সাজের অন্যতম আকর্ষণ।

গলায় একাধিক স্তরের সোনালি ও পান্না রঙের পাথর বসানো ভারি নেকলেস, হাতে চুড়ি ও আংটি তার সাজকে আরও আকর্ষণীয় করে তুলেছে। সাদা ও পান্না সবুজের সমন্বয়ে পুরো সাজে ফুটে উঠেছে ঐতিহ্য ও আভিজাত্যের ছাপ।

ছবির সঙ্গে মেহজাবীন লিখেছেন, ‘দিনের বিয়ে কিংবা রাতের, সেটা কোনো বিষয় না। নিজের বিশেষ মুহূর্তের জন্য আকর্ষণীয় রূপেই সাজো।’

তার এই ছবি প্রকাশের পরপরই মন্তব্যের ঘরে প্রশংসায় ভরিয়ে দেন অনুসারীরা। অনেকেই মন্তব্য করেছেন, এই সাজে তাকে নিজের বিয়ের দিনের চেয়েও বেশি সুন্দর লাগছে।

এক অনুসারী লিখেছেন, ‘আজ বেশি সুন্দর লাগছে, বিয়ের দিনের চেয়েও।’ আরেকজনের মন্তব্য, ‘বিয়ের সবগুলো সাজের চেয়ে এই সাজটা সুন্দর হয়েছে। সত্যিকারের বউ লাগছে একদম।’

মেহজাবীন গত বছরের ভালোবাসা দিবসে নির্মাতা-প্রযোজক আদনান আল রাজীবকে বিয়ে করেন। বিয়ের সময়ও তার সাজপোশাক ভক্তদের মধ্যে ব্যাপক প্রশংসা পেয়েছিল।

এদিকে অভিনয়ে সাম্প্রতিক সময়ে তুলনামূলক কম দেখা গেলেও নতুন সিনেমা নিয়ে ব্যস্ত রয়েছেন মেহজাবীন। ভিকি জাহেদের ‘পুলসিরাত’ সিনেমায় আফরান নিশোর সঙ্গে অভিনয় করবেন তিনি। আগামী বছরের জানুয়ারিতে সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।