মাঝ আকাশে সহ-পাইলটের হামলায় গুরুতর আহত হওয়ার পরও বিমান নিয়ন্ত্রণে রেখে ১৭৪ যাত্রীর জীবন রক্ষা করেছেন ভারতীয় পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্ছার। তাঁর সাহসিকতার প্রশংসা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় মোদি বলেন, চরম বিপদের মধ্যেও আহত অবস্থায় অন্যদের জীবন রক্ষায় মাচ্ছার যে সাহস ও দৃঢ়তা দেখিয়েছেন, তা প্রশংসনীয়। তাঁর এই ভূমিকার জন্য পুরো ভারত গর্বিত বলেও উল্লেখ করেন তিনি।
দুবাই থেকে তেল আবিবগামী ফ্লাইদুবাইয়ের একটি ফ্লাইট ৩৪ হাজার ফুট উচ্চতায় উড্ডয়ন করছিল। এ সময় সহ-পাইলট বিমানটি দ্রুত নিচে নামানোর চেষ্টা করেন বলে অভিযোগ। ক্যাপ্টেন মাচ্ছার তাকে বাধা দিতে গেলে সহ-পাইলট তাকে একাধিকবার ছুরিকাঘাত করেন।
গুরুতর আহত হওয়ার পরও হাল ছাড়েননি প্রায় ১৩ বছরের অভিজ্ঞ এই পাইলট। পরিস্থিতি সামাল দিতে তিনি কৌশলে ককপিটের দরজা খুলে দেন। এরপর বিমানের সামনের দিকের যাত্রীরা ককপিটে ঢুকে হামলাকারী সহ-পাইলটকে নিয়ন্ত্রণে আনেন।
পরবর্তীতে বিমানটি সৌদি আরবের তাবুক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে। এর ফলে মাঝ আকাশে সম্ভাব্য বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয় এবং বিমানে থাকা ১৭৪ যাত্রীর জীবন রক্ষা পায়।
মোদি আহত পাইলটের দ্রুত সুস্থতা ও সুস্বাস্থ্য কামনা করেছেন। একই ঘটনায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ভারতীয় পাইলটের সাহসিকতার প্রশংসা করেছেন।






মন্তব্য করুন