ঢাকা থেকে সড়কপথে ফেনী যাওয়ার পথে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন এলাকায় ফুল দিয়ে স্বাগত জানিয়েছেন বিএনপির নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। সকাল থেকেই মহাসড়কের বিভিন্ন পয়েন্টে দলীয় পতাকা, ব্যানার ও ফুল নিয়ে জড়ো হন তারা।
বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রীর গাড়িবহর নারায়ণগঞ্জ অতিক্রম করার সময় ফতুল্লার সাইনবোর্ড এলাকা থেকে সোনারগাঁয়ের মেঘনা ঘাট পর্যন্ত মহাসড়কের বিভিন্ন স্থানে বিপুলসংখ্যক মানুষকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এ সময় নেতাকর্মীরা স্লোগান দিয়ে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান। বিভিন্ন স্থানে তাঁর গাড়িতে ফুল ছিটিয়ে স্বাগত জানানো হয়।
এর আগে সকাল সাড়ে ৮টার দিকে প্রধানমন্ত্রী তাঁর বাসভবন থেকে সড়কপথে ফেনীর পরশুরামের উদ্দেশে রওনা হন। দুপুরে তাঁর পরশুরামের ঘাটঘর মুহুরী ব্রিজ এলাকায় পৌঁছানোর কথা রয়েছে।
সেখানে প্রধানমন্ত্রী ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন (১ম পর্যায়)’ প্রকল্পের উদ্বোধন করবেন। পরে স্থানীয়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে অংশ নেবেন তিনি।
এ ছাড়া ফেনীর পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া উপজেলার সরকারি কার্যালয়ের ছাদে স্থাপিত সৌরবিদ্যুৎ ব্যবস্থা থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
দুপুর সোয়া ১টার দিকে পরশুরাম থেকে ফুলগাজীর বেগম খালেদা জিয়া মহিলা কলেজে যাবেন তিনি। সেখানে দুপুর সাড়ে ১টায় বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে। এরপর দুপুর ২টায় ফুলগাজী জেলা পরিষদ ডাকবাংলো পরিদর্শন করবেন।
বিকেল ৩টায় ফুলগাজী সরকারি পাইলট হাইস্কুল মাঠে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী। সেখানে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমসহ অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদের সম্মানী ভাতা দেওয়ার কর্মসূচিতে অংশ নেবেন তিনি।
দিনব্যাপী কর্মসূচি শেষে বিকেল ৫টার দিকে সড়কপথে ঢাকার উদ্দেশে ফেনী ত্যাগ করবেন প্রধানমন্ত্রী। রাত ৯টার দিকে তাঁর ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।


