প্রায় তিন মাস ধরে নিখোঁজ ছিলেন মানসিকভাবে অসুস্থ এক নারী। স্ত্রীকে ফিরে পেতে দিনের পর দিন বিভিন্ন জায়গায় খুঁজেছেন স্বামী। শেষ পর্যন্ত সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি ভিডিওই হয়ে উঠল তার সন্ধানের সূত্র। ভিডিওতে স্ত্রীকে দেখে দ্রুত ছুটে গিয়ে তাকে ফিরে পেলেন স্বামী।
ঘটনাটি ঘটেছে মানিকগঞ্জের সাটুরিয়ায়। স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় তিন মাস আগে সাটুরিয়ার নিজ বাড়ি থেকে হঠাৎ নিখোঁজ হন ওই নারী। এরপর থেকে স্বামী তাকে খুঁজতে আত্মীয়-স্বজনের বাড়ি, রেলস্টেশন, বাস টার্মিনাল, মাজারসহ বিভিন্ন এলাকায় ঘুরেছেন।
অন্যদিকে নাম-ঠিকানা ভুলে যাওয়া ওই নারী আশ্রয়হীন অবস্থায় দিন কাটাচ্ছিলেন মানিকগঞ্জের সিংগাইরের গোবিন্দল গ্রামের রাস্তার পাশে। রোদ-বৃষ্টি উপেক্ষা করে মানুষের দ্বারে দ্বারে ঘুরে খাবার ও আশ্রয়ের চেষ্টা করছিলেন তিনি।
এ সময় স্থানীয় ডিজিটাল কনটেন্ট ক্রিয়েটর ‘ভয়েস অব রবিউল ভাই’ রাস্তার পাশে ওই নারীকে দেখতে পান। তার অসহায় অবস্থা দেখে বিষয়টি নিয়ে একটি ভিডিও তৈরি করে ফেসবুকে প্রকাশ করেন তিনি। অল্প সময়ের মধ্যেই ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
ভিডিওটি একপর্যায়ে পৌঁছে যায় ওই নারীর স্বামীর কাছেও। স্ত্রীকে চিনতে পেরে তিনি দ্রুত ভিডিওতে দেখানো স্থানে ছুটে যান। পরিচয় ও অবস্থান নিশ্চিত হওয়ার পর মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) প্রায় তিন মাসের অপেক্ষার অবসান ঘটে।
স্বামী সেখানে পৌঁছালে মানসিকভাবে অসুস্থ ওই নারী তাকে দেখেই চিনতে পারেন। দীর্ঘদিন পর প্রিয় মানুষটিকে কাছে পেয়ে দুজনই কান্নায় ভেঙে পড়েন। স্বামী স্ত্রীকে বুকে জড়িয়ে ধরেন, তিনিও স্বামীর বুকে মুখ লুকিয়ে কান্না করেন। তাদের এই পুনর্মিলনের দৃশ্য দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন উপস্থিত পথচারী ও স্থানীয় বাসিন্দারাও।
স্ত্রীকে ফিরে পেয়ে স্বামী আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানান। পরে এই আবেগঘন মুহূর্তের ভিডিও বুধবার (৩০ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। ভিডিওটি দেখে অনেকে আবেগাপ্লুত হওয়ার পাশাপাশি ওই নারীকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার উদ্যোগের প্রশংসা করেন।
কনটেন্ট ক্রিয়েটর রবিউল হক বলেন, রাস্তার পাশে ওই নারীকে অসহায় অবস্থায় দেখে তার খুব কষ্ট হয়েছিল। সেখান থেকেই তাকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার চেষ্টা শুরু করেন তিনি। ভিডিও প্রকাশের পর শেষ পর্যন্ত তার স্বামী এসে স্ত্রীকে নিয়ে যাওয়ায় পুরো ঘটনাটি তার জন্যও অত্যন্ত আবেগঘন ও স্মরণীয় হয়ে থাকবে।






মন্তব্য করুন