জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে আগামী ২৬ অক্টোবর চার দিনের সরকারি সফরে টোকিও যাচ্ছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (৬ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র এ তথ্য জানিয়েছে।

সূত্র অনুযায়ী, প্রধানমন্ত্রী ২৬ থেকে ২৯ অক্টোবর জাপানে অবস্থান করবেন। সফরকালে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন তিনি। এছাড়া জাপানের সম্রাট নারুহিতোর সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাতেরও সম্ভাবনা রয়েছে।

প্রধানমন্ত্রীর এই সফরে জ্বালানি সহযোগিতা, জনশক্তি রপ্তানি, বিনিয়োগ, বাণিজ্যসহ বাংলাদেশ ও জাপানের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় গুরুত্ব পেতে পারে।

কূটনৈতিক সূত্র জানিয়েছে, সফরকে সামনে রেখে দুই দেশের মধ্যে কয়েকটি সমঝোতা স্মারক ও চুক্তি নিয়ে আলোচনা চলছে। এর মধ্যে জনশক্তি রপ্তানি বিষয়ে একটি সমঝোতা স্মারকের খসড়া প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। দুই পক্ষের সম্মতি পাওয়া গেলে প্রধানমন্ত্রীর টোকিও সফরেই এটি স্বাক্ষর হতে পারে।

প্রধানমন্ত্রীর এই সফর বাংলাদেশ ও জাপানের দীর্ঘদিনের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার পাশাপাশি বাণিজ্য, বিনিয়োগ ও জনশক্তি খাতে নতুন সহযোগিতার সুযোগ তৈরি করতে পারে বলে মনে করা হচ্ছে।