কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই সিলেট বিভাগের ৭টি পৌরসভা নির্বাচন সুষ্ট ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। শনিবার (১৬ জানুয়ারী) সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার সুনামগঞ্জ, ছাতক, জগন্নাথপুর, মৌলভীবাজার জেলার কমলগঞ্জ, কুলাউড়া ও হবিগঞ্জ জেলার মাধবপুর ও নবীগঞ্জ পৌরসভার এ নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। এর মধ্যে ৪টিতে আওয়ামীলীগ, ২টিতে বিএনপি ও একটিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন। শনিবার ভোট কেন্দ্রগুলোতে প্রশাসনের পক্ষ থেকে সব ধরণে নিরাপত্তা জোরদার থাকায় উৎসবমুখর পরিবেশে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

নবীগঞ্জে টানা দ্বিতীয় মেয়াদে মেয়র হলেন বিএনপির প্রার্থী:

হবিগঞ্জের নবীগঞ্জ পৌরসভায় টানা দ্বিতীয়বারের মতো বিজয়ী হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী ছাবির আহমদ চৌধুরী। শনিবার (১৬ জানুয়ারী) অনুষ্ঠিত নির্বাচনে মাত্র ১৬৭ ভোটের ব্যবধানে নৌকার প্রার্থী গোলাম রসুল রাহেল চৌধুরীকে পরাজিত করে তিনি বিজয়ী হন।

বেসরকারি ফলাফল অনুযায়ী, প্রাথমিক ফলাফলে মোট ১০টি কেন্দ্রে বিএনপি মনোনীত প্রার্থী বর্তমান মেয়র ছাবির আহমদ চৌধুরীর প্রাপ্ত ভোট ৫ হাজার ৭৪৫। আওয়ামী লীগ মনোনীত প্রার্থী গোলাম রসুল রাহেল চৌধুরীর প্রাপ্ত ভোট ৫ হাজার ৪৮৫। ২৬০ ভোটের ব্যবধানে এগিয়ে বেসরকারি ফলাফলে বিজয়ী হন ছাবির আহমদ চৌধুরী। তবে ফলাফল নিয়ে উত্তেজনা বিরাজ করছে। উভয় প্রার্থীর সমর্থকরা নিজেদের বিজয়ী করে বিক্ষোভ মিছিল করছেন। অপ্রীতিকর পরিস্থিতি এড়াকে সতর্ক অবস্থায় রয়েছেন আইনশৃঙ্খলা বাহিনী।

মাধবপুরে বিএনপির মেয়র প্রার্থীর জয়:
হবিগঞ্জের মাধবপুর পৌরসভা নির্বাচনে বিএনপির প্রার্থী হাবিবুর রহমান মানিক বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। ধানের শীষ প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ৫ হাজার ৩১টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী পংকজ সাহা নারিকেল গাছ প্রতীকে ভোট পেয়েছেন ৪ হাজার ১৮৫টি। এছাড়া শাহ মো. মুসলিম (জগ প্রতীক) পেয়েছেন ৩ হাজার ৪৯ ভোট এবং শ্রীধাম দাশ গুপ্ত নৌকা প্রতীক নিয়ে ৫৬৮ ভোট পেয়েছেন। এ পৌরসভায় নৌকার ভরাডুবি হয়েছে।

শনিবার (১৬ জানুয়ারী) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়। এরপর শুরু হয় গণনা।

উপজেলার ৯টি কেন্দ্রের প্রাথমিকভাবে প্রাপ্ত ফলাফলে ধানের শীষের প্রার্থীকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. মনিরুজ্জামান। নির্বাচন সুষ্ঠু ও অবাধ করার লক্ষ্যে র‌্যাবের তিনটি টিম, চার প্লাটুন বিজিবি, ২২০ জন পুলিশ সদস্য, ও ৮১ জন আনসার সদস্য ও নয়টি কেন্দ্রে নয়জন নির্বাহী ম্যাজিস্ট্রেট সার্বক্ষণিক দায়িত্ব পালন করেন। এ ছাড়া নয়জন প্রিজাইডিং অফিসার ও নয়জন সহকারী প্রিজাইডিং অফিসার ছিলেন।
১৯৯৭ সালে প্রতিষ্ঠিত এই পৌরসভার এটি পঞ্চম নির্বাচন। ৯টি ওয়ার্ডে নিয়ে গঠিত আট বর্গ কিলোমিটার আয়তনের প্রথম শ্রেণির মর্যাদা প্রাপ্ত অত্র পৌরসভায় ভোটার রয়েছে ১৫ হাজার ৯৮৭ জন।এর মধ্যে পুরুষ ভোটার ৮ হাজার ১০৭ জন ও মহিলা ৭ হাজার ৮৮০ জন।

সুনামগঞ্জে নাদের বখতের ভূমিধ্বস বিজয়:
সুনামগঞ্জ পৌরসভা নির্বাচনে ভূমিধ্বস বিজয় লাভ করে টানা ২য় বারের মতো মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী নাদের বখত। প্রতিদ্বন্দ্বি দুই প্রার্থী নাদের বখতের কাছে কোন পাত্তাই পাননি। নির্বাচনে পৌরসভার ২৩টি কেন্দ্রে ২৯ হাজার ৮৬৮ ভোটের মধ্যে নাদের বখত পেয়েছেন ২১ হাজার ৬৬৯ ভোট।
তার প্রতিদ্বন্দ্বি বিএনপির প্রার্থী মোরশেদ আলম ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ৫ হাজার ৮৮৫ ভোট।

আর হাতপাখা প্রতীকে ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের প্রার্থী মো. রহমত উল্লাহ পেয়েছেন ২ হাজার ৩১৪ ভোট। শনিবার (১৬ জানুয়ারি) দিনভর অনুষ্ঠিত নির্বাচনে মোট ৬৫ শতাংশ ভোট প্রয়োগ হয়। ভোট গণনা শেষে রাতে এ ফলাফল ঘোষণা করা হয়।

কমলগঞ্জে আওয়ামী লীগের জুয়েল আহমদের জয়:

মৌলভীবাজারের কমলগঞ্জ পৌরসভা নির্বাচনের দ্বিতীয়বারের মতো বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জুয়েল আহমদ। এ পৌরসভায় বিএনপির প্রার্থীর ভরাডুবি ঘটেছে। শনিবার (১৬ জানুয়ারী) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়।

জানা যায়, আওয়ামী লীগের প্রার্থী মো. জুয়েল আহমদ (নৌকা) পেয়েছেন ৫ হাজার ২৫৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী (স্বতন্ত্র প্রার্থী) মো. হেলাল মিয়া (জগ) ২ হাজার ৮০৬ ভোট। এছাড়া আওয়ামী লীগের বিদ্রোহী (স্বতন্ত্র প্রার্থী) মো. আনোয়ার হোসেন (নারিকেল গাছ) পেয়েছেন ২ হাজার ৭৮৭ ভোট ও বিএনপি’র প্রার্থী মোহাম্মদ আবুল হোসেন (ধানের শীষ) পেয়েছেন ৩০১ ভোট।

পৌরসভার নির্বাচনে ৯টি ওয়ার্ডের ৯টি কেন্দ্রে ১৩ হাজার ৯০৫ জন ভোটারের মধ্যে ১১ হাজার ২১০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। বাতিল হয় ৫৯টি ভোট। এখানে মেয়র পদে ৪ জন, কাউন্সিলর পদে ৩১ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

নির্বাচনে কাউন্সিলর পদে ১নং ওয়ার্ডে দেওয়ান আব্দুর রহিম মুহিন, ২নং ওয়ার্ডে সৈয়দ জামাল হোসেন, ৩নং ওয়ার্ডে আনসার শোকরানা মান্না, ৪নং জসিম উদ্দিন সাকিল, ৫নং ওয়ার্ডে মো. ছাদ আলী, ৬নং ওয়ার্ডে রফিকুল ইসলাম রুহেল, ৭নং ওয়ার্ডে গোলাম মুহিত, ৮নং ওয়ার্ডে আহাদুর রহমান বুলু, ৯নং ওয়ার্ডে বখতিয়ার খান। এছাড়া সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১, ২ ও ৩নং ওয়ার্ডে মুসলিমা বেগম, ৪, ৫ ও ৬নং ওয়ার্ডে আয়েশা সিদ্দিকা এবং ৭, ৮ ও ৯নং ওয়ার্ডে শাপলা আক্তার নির্বাচিত হন।
কমলগঞ্জ পৌরসভা নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর আলম তালুকদার বেসরকারি ফলাফল নিশ্চিত করেছেন। তিনি জানান, নির্বাচনে কোনও প্রকার বিশৃঙ্খল ঘটনা ঘটেনি।

কুলাউড়ায় হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর আ. লীগের শিপারের জয়:
হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভার মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ। নৌকা প্রতীকে ৪ হাজার ৮৩৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তিনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি জগ প্রতীকে স্বতন্ত্র প্রার্থী শাজান মিয়া পেয়েছেন ৪ হাজার ৬৮৫ ভোট। ফলে মাত্র ১৫৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

মেয়র পদে আওয়ামী লীগের বিদ্রোহী নারকেল গাছ প্রতীকের প্রার্থী বর্তমান মেয়র শফি আলম ইউনুছ পেয়েছেন ২ হাজার ৯১৪ ভোট। আর বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও সাবেক মেয়র কামাল উদ্দিন আহমদ জুনেদ পেয়েছেন ১৭৭৬ ভোট। শনিবার দিনভর এ পৌরসভায় ভোটগ্রহণ হয়। ভোটগ্রহণ শেষে শিপারকে বিজয়ী ঘোষণা করা হয়।

ছাতকে টানা চতুর্থবারের মতো মেয়র হলেন কালাম:
সুনামগঞ্জের ছাতক পৌরসভায় টানা চতুর্থবারের মতো মেয়র নির্বাচিত হয়েছেন আবুল কালাম চৌধুরী। বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে তিনি নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ১২ হাজার ৮২৩ ভোট।

ধানের শীষ প্রতীক নিয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনীত প্রার্থী রাশিদা আহমদ ন্যান্সি পেয়েছেন ৭ হাজার ৯০৮ ভোট। বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফলে নৌকা প্রতীকে আবুল কালাম চৌধুরী ৪ হাজার ৯১৫ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন। এ পৌরসভায় মোট ভোটার ছিলেন ৩০ হাজার ২০৮ জন।

আবুল কালাম চৌধুরী ২০০৪ সালের পৌর নির্বাচনে প্রথমবারের মতো ছাতা প্রতীক নিয়ে পৌর চেয়ারম্যান নির্বাচিত হন। দায়িত্বে ছিলেন ২০১১ সালের ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত। ২০১১ সালের নির্বাচনে আবুল কালাম চৌধুরী কাপ-পিরিচ প্রতীক নিয়ে পৌরসভার মেয়র নির্বাচিত হন এবং দায়িত্ব পালন করেন ২০১৬ সালের ৮ ফেব্রুয়ারি পর্যন্ত। পরবর্তীতে ২০১৬ সালে অনুষ্ঠিত পৌর নির্বাচনে দলীয় প্রতীক নৌকা নিয়ে তিনি ফের বিজয়ী হয়েছিলেন।

শনিবার (১৬ জানুয়ারী) সকালে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ছাতক পৌরসভার ৯টি ওয়ার্ডে ভোটগ্রহণ শুরু হয়। নির্বাচনে কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

জগন্নাথপুরে মেয়র হলেন বিএনপির বিদ্রোহী প্রার্থী আক্তার:
সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ শনিবার সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী (বিএনপির বিদ্রোহী প্রার্থী) আক্তারুজ্জামান আক্তার চামচ প্রতীকে ৮ হাজার ৩৭৮টি ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ প্রার্থী মিজানুর রশীদ নৌকা প্রতীকে ৮ হাজার ১৮টি ভোট পেয়েছেন।

জানা গেছে, সকাল থেকেই কেন্দ্রে কেন্দ্রে নারী ও পুরুষ ভোটারদের উপচেপড়া ভিড় দেখা যায়। কোন ধরনের সহিংসতার খবর পাওয়া যায়নি কোথাও। শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। এবারই এই প্রথম এ পৌরসভায় ইভিএমে ভোটগ্রহণ সম্পন্ন হয়।

সরেজমিনে ঘুরে দেখা যায়, শহরের ইকড়ছই, ভবানিপুর, যাত্রাপাশা, জগন্নাথপুর আর্দশ সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়, স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়, হবিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, কেশবপুর, ইসহাকপুর, লুদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন ভোটকেন্দ্রে উপচেপড়া নারী ও পুরুষ ভোটারের উপস্হিতি পরিলক্ষিত হয়েছে। শান্তিপূর্ণ পরিবেশে তারা সারিবদ্ধ হয়ে লাইনে দাঁড়িয়ে ভোট দেন।

এদিকে জগন্নাথপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রসহ কয়েকটি কেন্দ্রে ইভিএমে সমস্যা তৈরি হওয়ায় অনেক ভোটার ভোগান্তির শিকার হয়েছেন। অনেকেই ভোট না দিয়ে বাড়িতে ফিরে যান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান বলেন, নির্বাচন অবাধ নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। উৎসবমুখর পরিবেশে নারী-পুরুষ দল বেঁধে ভোট দিয়েছেন।

বাংলাদেশ মিডিয়া/সিন্টু-১৭