অবশেষে জাতীয় নারী ক্রিকেট দলের নতুন প্রধান কোচ খুঁজে পেয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ইংল্যান্ডের মার্ক রবিনসন হতে যাচ্ছে সালমা খাতুন, রুমানা আহমেদদের কোচ। সব ঠিক থাকলে ২০২১ সালের জানুয়ারিতে নতুন কোচের সঙ্গে দুই বছরের চুক্তি করতে পারে বিসিবি। এর আগে ইংল্যান্ড নারী ক্রিকেট দলের প্রধান কোচ হিসেবে কাজ করেছেন রবিনসন।

শনিবার বাংলাদেশ নারী ক্রিকেট উইংয়ের চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী নাদেল বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘আমরা নারী ক্রিকেট দলের প্রধান কোচ খুঁজে পেয়েছি। তার নাম মার্ক রবিনসন। আশা করছি জানুয়ারিতেই তিনি আমাদের সঙ্গে কাজ শুরু করতে পারবেন। আমরা কথাবার্তা ৮০ ভাগ শেষ করে এনেছি। আমরা তার সঙ্গে দুই বছরের চুক্তি করছি। তিনি ইংল্যান্ডের নারী ক্রিকেট দলেরও হেড কোচ ছিলেন।’

এর আগে ভারতের আনজু জাইন প্রধান কোচের দায়িত্ব পালন করেন। মার্চে নারী টি ২০ বিশ্বকাপে দলের বাজে পারফরম্যান্সের দায়ে চাকুরিচ্যুত হন আনজু। এরপর থেকেই নতুন কোচের খোঁজ শুরু হয়। রবিনসন আন্তর্জাতিক ক্রিকেট না খেললেও কাউন্টি ক্রিকেটে বিভিন্ন দলের হয়ে খেলেছেন।