আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ২০১০ থেকে ২০২০ পর্যন্ত সেরা পারফরম করে যাওয়া ক্রিকেটাদের তালিকা প্রকাশ করেছে। টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি– তিন ফরম্যাটের দশকসেরা খেলোয়াড়দের কোনো দলেই জায়গা হয়নি পাকিস্তানের ক্রিকেটারদের। আফগান ক্রিকেটার রশিদ খানের ঠাঁই হলেও সেখানে জায়গা হয়নি এ সময়ের টি-টোয়েন্টি র্যাং কিংয়ের দ্বিতীয় সেরা ব্যাটসম্যান ও পাকিস্তান দলের অধিনায়ক বাবর আজমের।

বাবর আজমকে তালিকার বাইরে রেখে আইসিসির করা দশকের বিশ্ব টি-টোয়েন্টি দল প্রকাশে অসন্তুষ্টি প্রকাশ করেছেন রাওয়ালপিন্ডি এক্সপ্রেস শোয়েব আখতার। দশকের বিশ্ব টি-টোয়েন্টি দল নয়, আইসিসি আইপিএল দল বানিয়েছে বলে মন্তব্য করেছেন শোয়েব।

নিজের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’ বলেছেন, আমার ধারণা– আইসিসি ভুলে গেছে যে, পাকিস্তানও আইসিসির সদস্য এবং দেশটি টি-টোয়েন্টি ক্রিকেট খেলে। বর্তমানে আইসিসি টি-টোয়েন্টি শীর্ষ স্থানীয় ব্যাটসম্যান বাবর আজমকে চোখে পড়েনি আইসিসির। তারা পাকিস্তান থেকে একজন খেলোয়াড়কেও বেছে নেয়নি।

আইসিসির ওপর অভিমান মেশানো ক্ষোভ প্রকাশ করে শোয়েব আখতার বলেন, এমন দশকের টি-টোয়েন্টি টিমে অন্তর্ভুতির দরকার নেই পাকিস্তানের। কারণ আইসিসি আইপিএল দল ঘোষণা করেছে। বিশ্ব ক্রিকেট দল নয়। এ সময়ে টি-টোয়েন্টিতে বাবর আজমের চেয়ে গ্রেট আর কাউকে দেখছি না। টি-টোয়েন্টিতে বাবর পাকিস্তানের হয়ে সর্বোচ্চ রান সংগ্রহকারী। তার গড় দেখুন– বিরাট কোহলির তুলনায় বেশ ভালো। আমি নিশ্চিত, আমার এই ভিডিও দেখার পর ফের দশকের বিশ্ব টি-টোয়েন্টি দল ঘোষণা করার কথা ভাবতে হবে আইসিসিকে।

উল্লেখ্য, আইসিসি ঘোষিত দশকসেরা টি-টোয়েন্টি, ওয়ানডে আর টেস্ট দলের বিষয়ে অনেক বিশ্লেষকই হতভম্ব। দশকসেরা আইসিসির টেস্ট দলে জায়গা হয়নি পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, বাংলাদেশ, জিম্বাবুয়ে ও আফগানিস্তানের কোনো ক্রিকেটারের।

আইসিসির দশকসেরা ওয়ানডে দলে নেই পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুয়ে ও আফগানিস্তানের কোনো ক্রিকেটার। দশকসেরা টি-টোয়েন্টি দলে জায়গা হয়নি ইংল্যান্ড, নিউজিল্যান্ড, পাকিস্তান, বাংলাদেশ ও জিম্বাবুয়ের কোনো ক্রিকেটারের।

কিন্ত আইসিসির তিন ফরম্যাটের দলে একক আধিপত্য বিস্তার করেছেন ভারতীয় বর্তমান অধিনায়ক বিরাট কোহলি। তিনি টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টির তিন ফরম্যাটের সেরা একাদশে জায়গা করে নিয়েছেন। এ ছাড়া আর কোনো ক্রিকেটার দশকসেরা তিন দলে জায়গা পাননি। তথ্যসূত্র: ক্রিক ট্র্যাকার