২০২০ সালটা নিজের করে নিয়েছেন পর্তুগালের জুভেন্টাস ফরোয়ার্ড ক্রিশ্চিয়ানো রোনাল্ড। বছরের পুরস্কারগুলো সব নিজের করে নিয়েছেন। কদিন আগে লিওনেল মেসি, রবার্ট লেওয়ানডস্কির মতো তারকাদের পেছনে ফেলে ‘গোল্ডেন ফুট অ্যাওয়ার্ড’ জিতে নেন রোনাল্ডো।
এবারও চিরপ্রতিদ্বন্দ্বী মেসিকে পেছনে ফেললেন তিনি। শতাব্দী সেরা খেলোয়াড় নির্বাচিত হয়ে মুকুটে আরও একটি পালক যোগ করলেন পর্তুগিজ উইঙ্গার।
রবিবার দুবাইতে আরমানি হোটেলে এক অনুষ্ঠানে ‘গ্লোব সকার অ্যাওয়ার্ড’ পুরস্কার দেয়া হয় রোনাল্ডোকে। সেখানে শতাব্দীর সেরা কোচের পুরস্কারটি নেন পেপ গার্দিওলা। রবিবার গ্লোব সকার অ্যাওয়ার্ড নিজেদের অফিসিয়াল টুইটার পেজে পুরস্কার হাতে রোনাল্ডোর একটি ছবি পোস্ট করেছে।
ক্যাপশনে লিখেছে– ‘২০০১-২০২০ শতাব্দী সেরা গ্লোব সকার অ্যাওয়ার্ড জিতেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। আজকের উৎসবে রোনাল্ডোর হাতে দুবাই স্পোর্টস কাউন্সিলের চেয়ারম্যান এইচ এইচ শেখ মনসুন বিন মোহাম্মদ বিন রশিদ আল মাখতুম এ পুরস্কার তুলে দেন।’
