জম্মু ও কাশ্মীর সীমান্তে পাকিস্তানের হামলার তীব্র প্রতিবাদ জানাতে দিল্লিতে পাকিস্তান হাইমকিশনকে তলব করেছে ভারত। গতকাল শনিবার এক বিবৃতিতে ভারতের পররাষ্ট্রবিষয়ক মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, পররাষ্ট্রবিষয়ক মন্ত্রণালয়ের ওই বিবৃতিতে সীমান্তে পাকিস্তানের ‘ইচ্ছাকৃত হামলার’ প্রতিবাদে পাকিস্তান হাইকমিশনকে তলব করা হয়েছে।
বিবৃতিতে বলা হয়, ‘পাকিস্তান লাইন অব কন্ট্রোলে হামলা চালাতে ভারতের বিশেষ দিনকে টার্গেট করেছে। ভারতের ধর্মীয় উৎসবের আমেজ ও শান্তি নষ্ট করতেই পাকিস্তান সীমান্তে গোলা বর্ষণ করেছে।’
গত শুক্রবার (১৩ নভেম্বর) উত্তর জম্মু ও কাশ্মীর সীমান্তে পাকসেনাদের হামলায় পাঁচ ভারতীয় জওয়ানসহ ১১ জন নিহত হয়। কোনো ধরনের উস্কানি ছাড়াই তারা এ হামলা চালিয়েছে বলে দাবি করেছে ভারত। গতকাল শনিবার রাজস্থানের জয়সালমারে প্রধামন্ত্রী নরেন্দ্র মোদি এক ভাষণে এ ঘটনার তীব্র প্রতিবাদ জানান।
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘সীমান্তে কেউ ভারতের শক্তি পরীক্ষা করতে চাইলে তার উপযুক্ত জবাব দেওয়া হবে।’ শনিবার জয়সালমারে ভারতীয় সেনাদের সঙ্গে দিওয়ালি উদযাপন করেন প্রধানমন্ত্রী। সেখানে সীমান্তে নিহতদের প্রতি শ্রদ্ধা জানান তিনি।
ভারতের পররাষ্ট্র বিষয়ক মন্ত্রণালয় বলেছে, ‘সীমান্তে হামলা না চালাতে পাকিস্তানকে দ্বিপক্ষীয় চুক্তির কথা বারবার মনে করিয়ে দেওয়া হয়েছে। কিন্তু তারা প্রতিশ্রতি ভঙ্গ করছে। পাকিস্তানের চলমান এ সন্ত্রাসী হামলার কঠোর প্রতিবাদ জানিয়েছে ভারত।
