মার্কিন নির্বাচনে জয়লাভ ডেমোক্রেটিক পার্টির প্রার্থী জো বাইডেন। আনুষ্ঠানিকভাবে তিনি দায়িত্ব নিলে তার স্ত্রী জিল বাইডেন হবেন দেশটির ফার্স্ট লেডি। তিনিই যুক্তরাষ্ট্রের প্রথম ফার্স্ট লেডি হতে যাচ্ছেন যিনি একজন চাকরিজীবী। যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি হতে যাওয়া জিল বাইডেন সম্পর্কে নানা বিষয় তুলে এনেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

শিক্ষিকতায় রয়েছেন জিল: ব্যক্তি জীবনে শিক্ষকতা পেশায় যুক্ত রয়েছেন জিল বাইডেন। নর্দার্ন ভার্জিনিয়ার একটি কম্যুনিটি কলেজের ইংরেজির অধ্যাপক তিনি। জো বাইডেনের নির্বাচনী প্রচারণার সময় তিনি জানিয়েছেন শিক্ষকতা পেশা ধরে রাখবেন। বিশ্ববিদ্যালয়ে তাকে একজন কঠোর শিক্ষক হিসাবেই জানেন তার ছাত্র-ছাত্রীরা। মার্কিন টেলিভিশন সিবিএস’কে গত আগস্ট মাসে দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘এটা খুব গুরুত্বপূর্ণ, আমি চাই মানুষ শিক্ষকদের মূল্যায়ন করুক এবং তাদের অবদান সম্পর্কে জানুন, তাদের মর্যাদা দিক।’

পিএইচড ডিগ্রি থাকায় মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে তিনিই সর্বোচ্চ শিক্ষিত ফার্স্ট লেডি হতে যাচ্ছেন। তিনি ২০০৭ সালে ইউনিভার্সিটি অব ডেলাওয়ার থেকে ডক্টরেট ডিগ্রি নিয়েছেন। এরপর থেকে তিনি কম্যুনিটি কলেজগুলোয় শিক্ষার্থীদের ধরে রাখার বিষয়ে মনোযোগ দেন। পুরো জীবন ধরে শিক্ষকতা করে আসা জিল বাইডেনের দুইটি মাস্টার্স ডিগ্রি রয়েছে।

স্বামী জো বাইডেনের রক্ষক: জিল বাইডেন তার রাজনীতিবিদ স্বামী জো বাইডেনের একজন রক্ষক হিসেবে রয়েছেন। মিছিল কিংবা সমাবেশে বাধা সৃষ্টিকারীদের ঠেকানো এবং বাইরে বের করে দেওয়ার কাজে স্বেচ্ছাসেবীদের তিনি সহায়তা করেছেন। এখন থেকে বাইডেনের এ দায়িত্ব সিক্রেট সার্ভিসের সদস্যরাই গ্রহণ করবে।

হোয়াইট হাউজে প্রত্যাবর্তন: ফার্স্ট লেডি না হলেও এর আগেও হোয়াইট হাউসের বাসিন্দা ছিলেন জিল বাইডেন। বারাক ওবামা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট থাকার পুরো মেয়াদ জুড়ে ভাইস প্রেসিডেন্ট ছিলেন জো বাইডেন। অর্থাৎ তৎকালীন ফার্স্ট লেডি মিশেল ওবামার সঙ্গে সেকেন্ড লেডি ছিলেন জিল।এর আগে জিল বাইডেল ছাড়াও সেকেন্ড লেডি থেকে ফার্স্ট লেডি হয়েছিলেন জর্জ এইচ ডব্লিউ বুশের স্ত্রী বারবারা বুশ। সেকেন্ড লেডি হিসেবে দ্বিতীয় দফার দায়িত্ব পালনের সময় নারীদের বিভিন্ন সমস্যা, স্তন ক্যান্সার থেকে সুরক্ষা, শিক্ষা ও কম্যুনিটি কলেজের গুরুত্ব তুলে ধরা আর সামরিক বাহিনীর পরিবারের সদস্যদের সহায়তায় কাজ করেছেন জিল।

জো আর জিলের পরিচয় যেভাবে: কলেজ জীবনের প্রেমিকা ও প্রথম স্ত্রী নেইলিয়া এবং তাদের মেয়েকে ১৯৭২ সালে একটি সড়ক দুর্ঘটনায় হারান জো বাইডেন। এর তিন বছর পরে তার সঙ্গে পরিচয় হয় জিল জ্যাকবসের। সেই সময় জো বাইডেন যুক্তরাষ্ট্রের সিনেটর, আর জিল ছিলেন কলেজের জ্যেষ্ঠ শিক্ষক। দুইজনেরই আগে একবার বিয়ে হয়েছিল। ২০০৭ সালে জো বাইডেন তার স্ত্রী সম্পর্কে লিখেছিলেন, ‘সে (জিল বাইডেন) আবার জীবন ফিরিয়ে দিয়েছে। আবার নতুন করে পরিবার শুরু করার ব্যাপারে তিনি আমাকে ভাবতে বাধ্য করেছিলেন।’

জিল বাইডেন ভোগ ম্যাগাজিনকে দেওয়া একটি সাক্ষাৎকারে জানিয়েছিলেন, তাদের প্রথম ডেটিংয়ের সময় (একটি সিনেমা দেখতে যাওয়া) জো বাইডেন একটি স্পোর্ট কোট আর লোফার জুতা পরে এসেছিলেন। আমি ভেবেছিলাম, হায় ঈশ্বর, এখানে কোন কিছু হবে না, কোনো দিন এখানে সম্পর্ক হবে না। তিনি ছিলেন আমার চেয়ে নয় বছরের বড়।’সেই রাতের শেষে বিদায়ের সময় জিলের সঙ্গে করমর্দন করে বিদায় নেন জো বাইডেন। ওইদিন মধ্যরাতে মাকে ফোন করে জিল বলেন, ‘মা, আমি অবশেষে একজন ভদ্রলোককে খুঁজে পেয়েছি।’ তবে এরপরেও বিয়েতে জিলের সম্মতি পেতে জো বাইডেনকে অন্তত পাঁচ দফা চেষ্টা করতে হয়েছে।

জিল বাইডেন প্রতিবারই বলেছেন, ‘এখনি নয়’। কারণ তিনি শতভাগ নিশ্চিত হতে চেয়েছিলেন যেন বিয়েটা বাইডেনের আগের দুই ছেলে, হান্টার আর বেয়াউর জন্য সঠিক হয়।আর জো বাইডেন রসিকতা করে বলেছিলেন, সম্মতি দেওয়ার জন্য ভবিষ্যৎ স্ত্রীকে (জিল বাইডেন) তিনি হুমকি দিতে বাধ্য হয়েছিলেন।অবশেষে ১৯৭৭ সালের জুন মাসে নিউইয়র্কের ইউনাইটেড ন্যাশনস চ্যাপেলে তাদের বিয়ে হয়। বিয়ের অনুষ্ঠানে জো বাইডেনের দুই ছেলেই উপস্থিত ছিলেন। এরপর বাইডেনের পুরো পরিবার মিলে হানিমুনে যায়।