চট্টগ্রামের সাতকানিয়ায় চোরচক্রের হামলায় শফিকুল ইসলাম মিয়া (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন।

শনিবার (২৪ অক্টোবর) ভোর ৫টার দিকে কেরানীহাট-বান্দরবান সড়কের সাতকানিয়া উপজেলার আমতল এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, শনিবার ভোররাতে কেরানীহাট-বান্দরবান সড়কের সত্যপীরের দরগাহ নামক স্থানে সংঘবদ্ধ চোরের দল মোটরসাইকেল চুরি করে কেরানীহাটের দিকে নিয়ে যাচ্ছিল। এ সময় লোকজন টের পেয়ে চোরের দলকে ধাওয়া করে দুজনকে ধরে ফেলে।

ওই দুজনকে জিজ্ঞাসাবাদ করার সময় পেছন থেকে চোরের দলের অন্য সদস্যরা এসে লোহার রড দিয়ে শফিকুল ইসলামকে সজোরে আঘাত করে।

এতে শফিকুল ইসলাম গুরুতর আহত হয়ে পড়লে তাকে চিকিৎসার জন্য স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক সেখানে তাকে মৃত ঘোষণা করেন।

সাতকানিয়া থানার ওসি আনোয়ার হোসেন বলেন, মোটরসাইকেল চুরি ও খুনের ঘটনায় জড়িতদের ধরতে পুলিশ তৎপর রয়েছে। আশা করি, শিগগিরই অপরাধীদের আইনের আওতায় আনতে পারব।