নারায়ণগঞ্জের রূপগঞ্জে প্রিমিয়ার স্টিল এন্ড রি-রোলিং রড প্রস্তুতকারক কারখানায় গলিত লোহা শরীরে পড়ে দগ্ধ হয়ে আরো দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) বিকালে ও দিবাগত রাতে শেখ হাসিনা জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এনিয়ে এ ঘটনায় মোট ৪ শ্রমিকের মৃত্যু হলো।
বৃহস্পতিবার দিবাগত রাত তিনটায় উপজেলার বরপা এলাকার প্রিমিয়ার স্টিল এন্ড রি-রোলিং মিল কারখানায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে।
নিহত দুই শ্রমিক হলেন লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বাংলাবাড়ী এলাকার আব্দুস সোবহানের ছেলে মো. শাকিল (২০) ও কুড়িগ্রামের নাগেশ্বরি এলাকার টিপু শেখের ছেলে আবু সিদ্দিক (৩০)। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া ও নিহত এক শ্রমিকের বড় ভাই মো. সোহেল বিষয়টি নিশ্চিত করেছেন।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, এখন পর্যন্ত কেউ মামলা করেনি। তারপরও তদন্ত চলছে।
