বউ আনতে গিয়ে শ্বশুর পক্ষের হামলায় জামাইসহ ৩ জন জখম হয়েছেন। শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে ঘটনাটি ঘটেছে সদর উপজেলার কাশিমপুর ইউনিয়নের কেফায়েত নগর গ্রামে। এরমধ্যে ১ জনের অবস্থা গুরুতর। তিনি যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

স্বজনদের সূত্রে জানা গেছে, কয়েক বছর আগে চুড়ামনকাটি ইউনিয়নের বাগডাঙ্গা গ্রামের পুকুর পাড়ার লোকমান ড্রাইভারের ছেলে শাহিদুল ইসলামের সাথে কেফায়েতনগর গ্রামের জামির আলীর মেয়ে নাসরিন খাতুনের বিয়ে হয়। ৭ মাস আগে নাসরিন শ্বশুর বাড়ির কাউকে কিছু না বলে পিতার বাড়ি চলে যান। এরপর তিনি শ্বশুর বাড়ি আসতে তালবাহানা করেন।

স্বজনদের অভিযোগ, এক প্রবাসীর সাথে সম্পর্ক রয়েছে নাসরিনের । তিনি বিদেশ থেকে আসলে নাসরিন তাকে বিয়ে করবে বলে শ্বশুর বাড়ি থেকে গোপনে চলে গেছে। এদিকে, শুক্রবার বিকেলে শাহিদুল ইসলাম ভগ্নিপতি ও ভাইদের নিয়ে বউকে আনতে যান।

এসময় বউ আসবে না বলে জানিয়ে দেয়। এই নিয়ে তর্কবিতর্ক হলে জামির আলীর নেতৃত্বে আমির ও হায়দারসহ আরো কয়েকজন জামাই পক্ষের ওপর হামলা চালায়। এসময় তারা জামাই শাহিদুল, তার ভাই মহিদুল ইসলাম ও তুলিনকে পিটিয়ে জখম করে।

হাসপাতালের সার্জারি বিভাগের চিকিৎসকরা জানিয়েছেন, আহত মহিদুলের মাথার আঘাতটি গুরুতর। এই ঘটনায় কোতোয়ালি মডেল থানায় মামলা করবেন বলে জানিয়েছেন আহতের ভগ্নিপতি আবুল কালাম।