অসুর যতই শক্তিশালী হোক তাকে পরাজিত করতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ও চসিক মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন।
শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ছাত্র ও যুব ঐক্য পরিষদের চট্টগ্রাম জেলা শাখার উদ্যোগে লাভ লেইনস্থ মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন হলে বস্ত্র বিতরণ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বিএনপি নেতা ডা. শাহাদাত হোসেন বলেন, যুগ যুগ ধরে এই দেশের মাটিতে সকল সম্প্রদায়ের মানুষ সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের মধ্য দিয়ে বাস করে আসছে। আমরা বিভিন্ন সময়ে একসাথে আমাদের স্বাধীনতা ও অধিকার রক্ষার জন্য সংগ্রাম করেছি। আমাদের সুখ-দুঃখ ভাগ করে নিয়েছি। এই দেশ নির্মাণ করতে চেয়েছি সত্যিকার অর্থে অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক বাংলাদেশ হিসেবে। কিন্তু বর্তমান অগণতান্ত্রিক সরকারের সময়ে আমরা গণতান্ত্রিক পরিবেশে বেঁচে থাকবার অধিকারগুলো সত্যিকার অর্থে ভোগ করতে পারছি না।
তিনি বলেন, বিভিন্ন সময়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা হিন্দু সম্প্রদায়ের ঘর বাড়ী, জায়গা সম্পত্তি দখল করে নিয়েছে। দূর্গাপূজার সময় তারা প্রতিমা ভাঙচুর করেছে। বিশ্বজিতকে নৃশংসভাবে হত্যা করেছে। অথচ বিএনপি সবসময় সকল সম্প্রদায়ের মানুষের পাশে ছিল। তাই মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান সকলের প্রার্থনা হোক, বাংলাদেশ থেকে অন্যায়, অত্যাচার ও নির্যাতন চলে যাক। আমরা অন্ধকার থেকে আলোয় যেতে চাই। আমরা মুক্ত বাংলাদেশ দেখতে চাই। অসুর যতই শক্তিশালী হোক তাকে পরাজিত করতে হবে।
প্রধান বক্তার বক্তব্যে চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারন সম্পাদক আবুল হাশেম বক্কর বলেন, দেবী দুর্গার আরাধনা করা হয় শক্তির জন্য, অসুরের যে শক্তি তাকে বদ করবার জন্যে। অন্যায়, অত্যাচার, নির্যাতন-নিপীড়নের বিরুদ্ধে এই উপাসনা। সব সময় সত্য ও ন্যায়ের পক্ষে এবং সব রকমের অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো হচ্ছে দুর্গতিনাশিনী দেবী দূর্গার আরাধনা।
হিন্দু, বৌদ্ধ, খ্রিস্ট্রান ছাত্র ও যুব ঐক্য পরিষদের সভাপতি প্রকৌশলী সঞ্জয় চক্রবর্তী মানিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য সাথী উদয় কুসুম বড়ুয়া, চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশারফ হোসেন দিপ্তী, নগর বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ডা. গোলাম কাদের চৌধুরী নোবেল, কোতোয়ালী থানা বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন।
সংগঠনের সাধারণ সম্পাদক অর্জুন কুমার নাথের পরিচালনায় বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় নেতা অমলেন্দু দাস কনক, গোপাল শর্মা, হিন্দু ছা্ত্র ফোরামের সভাপতি রাজিব ধর তমাল, নগর ছাত্রদল নেতা সৌরভ প্রিয় পাল, মান্না দে, সংগঠনের নগর কমিটির সাধারণ সম্পাদক আকাশ চৌধুরী অপু, বিভুতীভূষণ নাথ, পন্ডিত মিথুন আচার্য্য, মিথুন বৈষ্ণব, উজ্জল দত্ত, তাপশ চৌধুরী, বাসু দেব দাস, বাপ্পা অধিকারী রবি নাথ, মোহন দে, দিলিপ মিত্র প্রমুখ।
