চট্টগ্রাম নগরের আকবরশাহ থানা এলাকা থেকে অস্ত্র-গুলিসহ কিশোর গ্যাংয়ের এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) ভোররাত ৪টার দিকে আকবরশাহ থানাধীন সি-ওয়ার্ল্ডগামী সড়কের রকির গ্যাস গোডাউনের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আব্দুল আজিজ ওরফে সাকিব ওরফে আরিয়ান (২৩) ফেনীর দাগনভুঁইয়ার মাছিমপুর, তনু কোম্পানীর বাড়ীর শহিদ উল্লাহর ছেলে। তিনি আকবরশাহ থানাধীন বিশ্ব কলোনীর পি ব্লকে থাকতেন।
এসব তথ্য নিশ্চিত করে আকবরশাহ থানার ওসি জহির হোসেন বলেন, আব্দুল আজিজ কিশোর গ্যাংয়ের অন্যতম সক্রিয় সদস্য। সে শাকিল হাসান সাগর প্রকাশ লাল সাগরের নেতৃত্বে এলাকায় ছিনতাই, দস্যুতাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে যুক্ত ছিল। তার বিরুদ্ধে আগে থেকে থানায় দুটি মামলা ছিল।
