রাজশাহীর পুঠিয়া এলাকার বেলপুকুর থানাধীন বিআরটিসি বাসের চাপায় এক ডাব বিক্রেতা নিহত হয়েছেন। বুধবার (২১ অক্টোবর) সকাল ৭টা দিকে রাজশাহীর পুঠিয়া উপজেলার বেলপুকুর রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও থানা পুলিশ সূত্রে জানা যায়, চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকা (মেট্রৌ-ব ১৫-৫৯৫৩) বি আর টিসি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পথে চলমান একজন ডাব বিক্রেতাকে ধাক্কা দিলে সে ঘটনাস্থলেই মারা যায়। মৃত ডাব বিক্রেতা, চারঘাট উপজেলার নিমপাড়া ইউনিয়নের মৃত মকসেদ আলীর ছেলে আনারুল (৩৫)। সকালে তিনি রাজশাহী-ঢাকা মহাসড়ক হয়ে বাইসাইকেলে করে ডাব নিয়ে যাচ্ছিলেন।
বেলপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, সকালে একটি বিআরটিসি বাস নিয়ন্ত্রণ হারায়। এ সময় বাসটি বাইসাইকেল আরোহী আনারুলকে চাপা দিয়ে পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ডাব বিক্রেতা আনারুল ইসলামের মৃত্যু হয়।
ওসি জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। আর বাসের ড্রাইভার ইব্রাহীম কে আটক করা হয়েছে তার বিরুদ্ধে থানায় মামলাও করা হয়েছে।
