চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার জুলধা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সদস্য নির্বাচিত হয়েছেন মোহাম্মদ নুরুল হক চৌধুরী (আপেল)।
উপজেলা নির্বাচন কার্যালয় জানায়, কর্ণফুলী উপজেলার জুলধা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্যের মৃত্যুতে কমিশনের নিয়ম মোতাবেক মঙ্গলবার (২০ অক্টোবর) উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়।
দিনভর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হওয়া ভোটে ৫৮০ ভোটে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ নুরুল হক চৌধুরী (আপেল)। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মুহাম্মদ জয়নুল আবেদীন (টিউবওয়েল) পেয়েছেন ৫৩৬ ভোট ও মোঃ নাজের (বৈদ্যুতিক পাকা) পেয়েছেন ১৪ ভোট।
উত্তর জুলধা সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত হয় ভোটগ্রহণ। ওই ওয়ার্ডের মোট ভোটারের সংখ্যা ১৫৩৫ জন। তার মধ্যে পুরুষ ৭৯১ জন ও নারী ভোটার ৭৪৪ জন। ভোটাধিকার প্রয়োগ করেছেন ১১৫৮ ভোটার।
জানতে চাইলে কর্ণফুলী উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মোঃ আবদুল শুক্কুর বলেন, সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ভোটগ্রহণ হয়। এতে কোন ধরনের সমস্যা হয়নি।
এ ব্যাপারে কর্ণফুলী উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক চৌধুরী বলেন, এ জয় তরুণ্যের জয়। এ জয় তরুণ সমাজের জয়। সুষ্ঠু ও সুন্দর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।’
