জয়পুরহাটের পাঁচবিবিতে ১টি বিদেশী পিস্তল, ১টি ওয়ান শুটারগান, ২টি ম্যাগাজিন, ৫ রাউন্ড গুলিসহ আব্দুর রশীদ (৩২) নামের এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র্যাব।
মঙ্গলবার (২০ অক্টোবর) ভোর রাতে উপজেলার রতনপুর গ্রামে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। আটককৃত অস্ত্র ব্যবসায়ী আব্দুর রশীদ পাঁচবিবি উপজেলার রতনপুর গ্রামের মৃত মনছের আলীর ছেলে।
র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এম এম মোহাইমেনুর রশিদ জানান, ভারত থেকে অবৈধ পথে বেশ কিছু অস্ত্র এনে রতনপুর এলাকায় বেচা-কেনা হচ্ছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোরে র্যাব সদস্যরা অভিযান চালিয়ে ১টি বিদেশী পিস্তল, ১ টি ওয়ান শুটারগান, ৫ রাউন্ড গুলি, ২টি ম্যাগাজিনসহ আব্দুর রশীদ নামে ওই অস্ত্র ব্যাবসায়ীকে আটক করা হয়।
আটককৃত অস্ত্র ব্যবসায়ী আব্দুর রশীদ ভারত থেকে অবৈধ পথে অস্ত্র এনে দেশের বিভিন্ন স্থানে সন্ত্রাসীদের কাছে বিক্রি করে আসছিল বলে তিনি জানান। আটককৃত আসামীর বিরুদ্ধে পাঁচবিবি থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।
