কক্সবাজারের বাঁকখালী নদীতে রাতে শখের বশে নৌকা নিয়ে মাছ ধরতে গিয়ে নিখোঁজ দুইজনের মধ্যে মোঃ ইউনুস নামের একজনের লাশ উদ্ধার করা হয়েছে।
সোমবার (১৯ অক্টোবর) দুপুরে বাঁকখালী নদীর ফাইভ স্টার বরফ মিল এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। তবে এখনো নিখোঁজ রয়েছে বেলাল নামের আরও একজন।
রোববার (১৮ অক্টোবর) রাত ১২টার দিকে কক্সবাজার শহরের ৬নং বিআইডব্লিউটিএ ঘাট সংলগ্ন বাঁকখালী নদীতে নৌকা ডুবির এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, শখ করে রাতে নৌকায় চড়ে বাঁকখালী নদীতে মাছ ধরতে যান ইউনুস, বেলাল ও আব্দুর শুক্কুর। নদীর কূল থেকে একটু দূরে যেতেই প্রবল স্রোতে তাদের বহনকারী নৌকাটি ডুবে যায়। একজন সাঁতরে তীরে উঠতে পারলেও দু’জন নিখোঁজ হন।
স্থানীয় মাঝি-মাল্লারা জানান, তারা পেশাদার জেলে নন। শখের বশে নদীতে মাছ ধরতে এসে এ মর্মান্তিক ঘটনা ঘটেছে। তারা ৩ জন নৌকা নিয়ে যখন নদীর মাঝে চলে যান তখন প্রবল স্রোতের কারণে নৌকা উল্টে যায়।
কক্সবাজার ফায়ার সার্ভিসের উপপরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ বলেন, ঘটনা শোনার পরপরই উদ্ধার তৎপরতা শুরু করা হয়। এর মধ্যে ইউনুসের লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ অপরজনকে উদ্ধারের চেষ্টা চলছে।
