মা ইলিশ রক্ষায় ১৪ অক্টোবর থেকে আগামী ৪ নভেম্বর পর্যন্ত সারাদেশে ২২ দিন ইলিশ আহরণ বন্ধ ঘোষণা করা হয়েছে।

এ উপলক্ষে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকালে আনোয়ারা উপজেলার সাঙ্গু নদীতে ইলিশ শিকার প্রতিরোধে যৌথ অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন, উপজেলা মৎস্য অধিদপ্তর ও সাঙ্গু স্টেশনের কোস্টগার্ড।

অভিযানে ১০ হাজার মিটার জাল জব্দ ও ধ্বংস করা হয়। ২২ দিন শুধু ইলিশ আহরণই নয়, বেচা-কেনা, মজুদ ও সরবরাহ বন্ধ করা হয়েছে।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রাশিদুল হক জানান, গত মৌসুমে আনোয়ারা উপকূলে ৫০ হাজার মেট্রিক টন ইলিশ আহরণ করা হয়েছে। এ বছর সঠিকভাবে মা ইলিশ ও জাটকা সংরক্ষণ করা গেলে ৬০ হাজার মেট্রিক টন আহরণের আশা করা হচ্ছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হাসান চৌধুরী বলেন, ‘মা ইলিশ রক্ষায় সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। অভিযান অব্যাহত থাকবে।

এই প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জুবায়ের আহমেদ বলেন, জেলেদের বাইরে অতিউৎসাহী কেউ ইলিশ শিকারে নদীতে গেলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তাছাড়া দুয়েক দিনের মধ্যেই সরকারি সহায়তা কার্ডধারী জেলেদের কাছে খাদ্য সহায়তা পৌঁছে দেওয়া হবে।