চলতি সপ্তাহে মুক্তি পেতে যাচ্ছে মুহিন ও অবন্তীর দ্বৈত গান ‘একটু কাছে এসে’। গানটির রেকর্ডিং গত জুন মাসে শেষ হয়েছে। দুই তরুণ কণ্ঠশিল্পী মুহিন খান ও অবন্তী সিঁথির এটাই প্রথম দ্বৈত গান।গানটির মিউজিক ভিডিওর শুটিং নিউ ইয়র্কের বিভিন্ন স্থানে সম্পন্ন হয়েছে। মডেলিংয়ে প্রথমবারের মত দেখা যাবে নিউ ইয়র্কের বাংলাদেশি রাজুব ভৌমিক এবং মার্কিন মডেল আয়ালা বেলা স্টার্ন। মিউজিক ভিডিও পরিচালনা করেন আলী আফরোজ অর্ণব।

গানের শুটিং শেষে রাজুব ভৌমিক বলেন, ‘করোনার কারণে শুটিংয়ে অনেক কম্প্রমাইজ করতে হয়েছে। তারপরও সবাই টিম ওয়ার্কের মাধ্যমে সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করেছি। আশা করি গানটি সবার ভালো লাগবে।’মডেল আয়ালা বলেন, ‘এটি আমার কাছে সম্পূর্ণ নতুন অভিজ্ঞতা। রাজুবের সাথে কাজ করতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছি। এ শুটিংয়ের মাধ্যমে বাংলা সংস্কৃতি সম্পর্কে অনেক কিছু জেনেছি। সব মিলিয়ে এক দারুণ অভিজ্ঞতা।’‘একটু কাছে এসে’ রোমান্টিক দ্বৈত গানটি লিখেছেন রাজুব ভৌমিক। সংগীত পরিচালনা করেছেন মুশফিক লিটু। সুর করেছেন অনুরূপ আইচ। গানটি প্রকাশ পাবে মিরর এক্সক্লুসিভের ব্যানারে।

কণ্ঠশিল্পী মুহিন বলেন, ‘এটা আমাদের প্রথম দ্বৈত গান। ভালো একটা কাজ হয়েছে। লেখা, সুর ও সংগীত পরিচালনায় সুন্দর সমন্বয় হয়েছে। আমরাও চেষ্টা করেছি, মনের মাধুরী মিশিয়ে গাইতে।’অবন্তী সিঁথি বলেন, ‘মুহিন আমার প্রিয় শিল্পীদের একজন। তার সঙ্গে দ্বৈত গানের সুযোগ করে দেওয়ায় অনুরূপ আইচ দাদাকে অনেক ধন্যবাদ জানাই।’