বিশ্বের দূষিত বাতাসের শহরগুলোর তালিকায় ১৩তম অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। বুধবার (২৮ অক্টোবর) আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, ঢাকার বায়ুমান সূচক (একিউআই) ১২৩। এ মান অনুযায়ী, ঢাকার বাতাস সংবেদনশীল জনগোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর।
আইকিউএয়ারের তালিকায় ২৯৭ একিউআই স্কোর নিয়ে বিশ্বের সবচেয়ে দূষিত শহরের অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। দ্বিতীয় স্থানে ভারতের দিল্লি, স্কোর ২২৭। ২০২ স্কোর নিয়ে তৃতীয় স্থানে রয়েছে মিশরের কায়রো।
তালিকার পরবর্তী অবস্থানগুলোতে রয়েছে ভিয়েতনামের হ্যানয় (১৭৫), ইরাকের বাগদাদ (১৭৪), কঙ্গোর কিনশাসা (১৬৩), সংযুক্ত আরব আমিরাতের দুবাই (১৬২), মঙ্গোলিয়ার উলানবাটার (১৫৬), ইন্দোনেশিয়ার জাকার্তা (১৫৪), পাকিস্তানের করাচি (১৫৩), উজবেকিস্তানের তাশখন্দ (১৫১) এবং ভারতের মুম্বাই (১৩৭)।
ঢাকার পরের অবস্থানে রয়েছে সিঙ্গাপুর (১২২)। ১২০ একিউআই স্কোর নিয়ে ১৫তম স্থানে রয়েছে নেপালের কাঠমান্ডু।
আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, একিউআই স্কোর ০ থেকে ৫০ হলে বাতাসের মান ভালো, ৫১ থেকে ১০০ হলে মাঝারি এবং ১০১ থেকে ১৫০ হলে সংবেদনশীল জনগোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। ১৫১ থেকে ২০০ স্কোর অস্বাস্থ্যকর, ২০১ থেকে ৩০০ খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১-এর বেশি হলে বাতাসের মান বিপজ্জনক বলে গণ্য করা হয়।
ঢাকার বর্তমান বায়ুমান বিবেচনায় শিশু, বয়স্ক ব্যক্তি এবং শ্বাসকষ্ট বা হৃদ্রোগে আক্রান্ত ব্যক্তিদের বাইরে দীর্ঘসময় অবস্থান এড়িয়ে চলা এবং প্রয়োজন হলে উপযুক্ত মাস্ক ব্যবহারের পরামর্শ দেওয়া হয়।

মন্তব্য করুন