ময়মনসিংহের ভালুকায় রবীন্দ্র ঋষি (৪৩) নামে এক সেলুন ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। হামলাকারীর হাত থেকে বাঁচতে সেলুন ছেড়ে পাশের দোকান ও একটি বাড়িতে আশ্রয় নিয়েও শেষ রক্ষা হয়নি তার।
মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের জামিরদিয়া মোড়ের নোমান কম্পোজিট মুক্তিযোদ্ধা মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রবীন্দ্র ঋষি ধোবাউড়া উপজেলার উত্তরপাড়া এলাকার রঞ্জিত ঋষির ছেলে। তিনি ভালুকার জামিরদিয়া তরিফ মুন্সী মোড় এলাকায় ভাড়া বাসায় থাকতেন এবং সেখানে সেলুনের ব্যবসা করতেন। এ ঘটনায় একই এলাকার বাবুল মিয়ার ছেলে সাদ্দাম হোসেনের বিরুদ্ধে হামলার অভিযোগ উঠেছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, মঙ্গলবার সন্ধ্যায় রবীন্দ্রের সেলুনে ঢুকে তাকে ছুরিকাঘাত করেন সাদ্দাম। প্রাণ বাঁচাতে রবীন্দ্র পাশের একটি দোকানে আশ্রয় নিলে সেখানেও তাকে ছুরিকাঘাত করা হয়। পরে একটি বাড়ির উঠানে আশ্রয় নেওয়ার চেষ্টা করলে সেখানেও তার ওপর হামলা চালানো হয়। একপর্যায়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহতের পরিবারের দাবি, প্রায় তিন মাস আগে তার মেয়েকে উত্ত্যক্ত করার অভিযোগে সাদ্দামের বিরুদ্ধে স্থানীয়ভাবে সালিস হয়েছিল। ওই ঘটনাকে কেন্দ্র করে দুজনের মধ্যে বিরোধ তৈরি হয়ে থাকতে পারে।
নিহতের স্ত্রী সূচিত্রা জানান, সাদ্দাম প্রায়ই তার স্বামীর কাছ থেকে টাকা নিতেন এবং সেলুনে চুল কাটিয়ে টাকা পরিশোধ করতেন না। সম্প্রতি টাকা না দেওয়া ও চুল কাটা নিয়ে দুজনের মধ্যে বিরোধ চলছিল। এর আগেও সাদ্দাম তার স্বামীকে হত্যার হুমকি দিয়েছিলেন বলে অভিযোগ করেন তিনি।
ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

মন্তব্য করুন