বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্ব ও গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি তাঁর অঙ্গীকারের প্রশংসা করেছেন জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। একই সঙ্গে বাংলাদেশের জাতীয় উন্নয়ন এবং দুই দেশের কৌশলগত অংশীদারত্ব আরও জোরদারে সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

মঙ্গলবার (২৭ অক্টোবর) টোকিওতে প্রধানমন্ত্রী তারেক রহমানের চার দিনের জাপান সফরের দ্বিতীয় দিনে দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে নিজের সরকারি ‘এক্স’ অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব কথা জানান তাকাইচি।

জাপানের প্রধানমন্ত্রী বলেন, গণতন্ত্র ও আইনের শাসনের মতো অভিন্ন মূল্যবোধের ভিত্তিতে বাংলাদেশ ও জাপানের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছে। গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে গঠিত তারেক রহমান সরকারের জাতীয় উন্নয়ন ও রাষ্ট্র গঠনের উদ্যোগে জাপান জোরালো সমর্থন দেবে।

তাকাইচি বলেন, মুক্ত ও অবাধ ইন্দো-প্যাসিফিক অঞ্চল প্রতিষ্ঠায় বাংলাদেশ জাপানের গুরুত্বপূর্ণ অংশীদার। দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়াকে সংযুক্তকারী দেশ হিসেবে বাংলাদেশের কৌশলগত ভৌগোলিক অবস্থানও বিশেষ গুরুত্বপূর্ণ।

বৈঠকে দুই নেতা ‘বে অব বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ বেল্ট’ বা ‘বিগ-বি’ উদ্যোগ এগিয়ে নেওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। এ উদ্যোগকে ‘শেয়ারিং প্রসপারিটি বিগ-বি’ নামে নতুন কৌশলগত সহযোগিতা কাঠামোয় উন্নীত করার পরিকল্পনার কথাও জানান জাপানের প্রধানমন্ত্রী।