আগামী পাঁচ বছরে বাংলাদেশের বেসরকারি খাতে প্রায় ৬ দশমিক ৩৫ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে জাপান। জাপানি মুদ্রায় এ বিনিয়োগের পরিমাণ প্রায় ১ ট্রিলিয়ন ইয়েন।
মঙ্গলবার (২৭ অক্টোবর) টোকিওতে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে বৈঠক করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে এ বিনিয়োগের ঘোষণা দেন তাকাইচি।
জাপানের প্রধানমন্ত্রী বলেন, দুই দেশের অর্থনৈতিক সহযোগিতার অন্যতম ভিত্তি ‘বঙ্গোপসাগরীয় শিল্প প্রবৃদ্ধি অঞ্চল’ বা ‘বিগ-বি’ উদ্যোগ আরও সম্প্রসারণ করা হবে। দ্বিপক্ষীয় অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে শিগগিরই বাংলাদেশে জাপানি ব্যবসায়িক প্রতিনিধিদল পাঠানো হবে।
তিনি আরও বলেন, অর্থনৈতিক অংশীদারত্ব এগিয়ে নিতে দ্রুততম সময়ে অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) কার্যকর করা এবং বাংলাদেশে বিনিয়োগের পরিবেশ উন্নত করার ওপর গুরুত্ব দিচ্ছে জাপান।
তাকাইচির ভাষ্য অনুযায়ী, দুই দেশের নতুন কৌশলগত অংশীদারত্ব চারটি মূল স্তম্ভের ওপর ভিত্তি করে পরিচালিত হবে। এগুলো হলো—আঞ্চলিক যোগাযোগব্যবস্থার উন্নয়ন, প্রাকৃতিক দুর্যোগ ও ভূরাজনৈতিক ঝুঁকি মোকাবিলায় প্রস্তুতি, সরকারি-বেসরকারি উদ্যোগে অর্থনৈতিক প্রবৃদ্ধির সুযোগ সৃষ্টি ও নিয়মনীতি প্রণয়ন এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সহযোগিতা।
অর্থনৈতিক সহযোগিতার পাশাপাশি নিরাপত্তা খাতেও বাংলাদেশের সক্ষমতা বাড়াতে কাজ করবে জাপান। সামুদ্রিক নিরাপত্তা জোরদারে সরকারি উন্নয়ন সহায়তা (ওডিএ) কর্মসূচির আওতায় বাংলাদেশকে টহল জাহাজ দেওয়ার নতুন সিদ্ধান্তের কথাও জানান জাপানের প্রধানমন্ত্রী।
এ ছাড়া, সরকারি নিরাপত্তা সহায়তা এবং প্রতিরক্ষা সহযোগিতা অব্যাহত রেখে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে কাজ করার অঙ্গীকার করেন তিনি।
বাংলাদেশের ভৌগোলিক অবস্থানের গুরুত্ব তুলে ধরে তাকাইচি বলেন, দক্ষিণ-পূর্ব এশিয়া ও দক্ষিণ এশিয়ার মধ্যে সংযোগ স্থাপনে বাংলাদেশের ব্যাপক সম্ভাবনা রয়েছে। এ সম্ভাবনা জাপানের অর্থনীতির জন্যও গুরুত্বপূর্ণ।

মন্তব্য করুন