টোকিওতে জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল কো-অপারেশনের (জেবিআইসি) গভর্নর আমাকাওয়া কাজুহিকোর সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশি-বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে বিনিয়োগবান্ধব নীতি প্রণয়ন এবং ব্যবসায়িক পরিবেশ উন্নয়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

বুধবার (২৮ অক্টোবর) সকালে অনুষ্ঠিত বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে এবং বিনিয়োগ বাড়াতে বিভিন্ন বিধিবিধান সংস্কার ও সহজীকরণের উদ্যোগ নেওয়া হয়েছে।

বৈঠকে বাংলাদেশের জ্বালানি, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি এবং অবকাঠামো খাতে বিনিয়োগ সম্প্রসারণ ও অর্থনৈতিক সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি বাংলাদেশে জেবিআইসির একটি কার্যালয় খোলার প্রস্তাবও উত্থাপন করেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব শাহাদাৎ স্বাধীন জানান, বাংলাদেশের উন্নয়ন ও বিভিন্ন খাতে বিনিয়োগে সহযোগিতার জন্য জেবিআইসির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তারেক রহমান। বাংলাদেশে কার্যালয় খোলার প্রস্তাবটি গুরুত্বের সঙ্গে বিবেচনা করার আশ্বাস দিয়েছেন জেবিআইসির গভর্নর।

বৈঠকে বাংলাদেশের পক্ষে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।