কম্বোডিয়ায় ভালো চাকরির প্রলোভন দেখিয়ে দুই বাংলাদেশি তরুণকে পাচার, পরে একটি প্রতারণাকেন্দ্রে ৫ হাজার মার্কিন ডলারে বিক্রি এবং জোরপূর্বক অনলাইন প্রতারণার কাজে নিয়োজিত করার অভিযোগে মানবপাচার চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. শাওন মোল্লা (২৩) ও মো. সাকিব সরকার (২৬)। মঙ্গলবার (২৭ অক্টোবর) সিআইডি জানায়, ঢাকার পল্টন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
সিআইডির প্রাথমিক অনুসন্ধান অনুযায়ী, বিদেশে ভালো চাকরি ও আর্থিক সচ্ছলতার আশায় ওই দুই তরুণ মানবপাচারকারীদের প্রলোভনে পড়ে কম্বোডিয়ায় যান। বিদেশে পাঠানোর কথা বলে প্রত্যেকের পরিবারের কাছ থেকে প্রায় ছয় লাখ টাকা নেওয়া হয়েছিল।
অভিযোগ রয়েছে, কম্বোডিয়ায় পৌঁছানোর পর তাদের পাসপোর্ট কেড়ে নেওয়া হয় এবং প্রত্যেককে ৫ হাজার মার্কিন ডলারের বিনিময়ে একটি প্রতারণাকেন্দ্রে বিক্রি করা হয়। সেখানে তাদের জোরপূর্বক অনলাইনে প্রতারণামূলক কর্মকাণ্ডে নিয়োজিত করা হয়। কাজ করতে অস্বীকৃতি জানালে কিংবা ভুল করলে শারীরিক ও মানসিক নির্যাতন করা হতো বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
একপর্যায়ে পরিবারের সঙ্গে যোগাযোগ করতে সক্ষম হলে তাদের মুক্তির জন্য আরও ৫ হাজার মার্কিন ডলার দাবি করা হয়। সন্তানদের মুক্তির আশায় পরিবারের সদস্যরা ওই অর্থের ব্যবস্থা করেন। তবে অভিযোগ অনুযায়ী, মুক্তির পরও তাদের আবার পাচারকারীদের নিয়ন্ত্রণে নেওয়া হয় এবং দেশে ফেরার টিকিটের খরচও পরিবারের কাছ থেকে আদায় করা হয়

মন্তব্য করুন