গাজীপুরের কালিয়াকৈরে বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে শ্রমিকদের অবরোধে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মৌচাক এলাকায় যান চলাচল বন্ধ হয়ে গেছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল থেকে শুরু হওয়া এ অবরোধে মহাসড়কের কয়েক কিলোমিটার এলাকায় যানজট সৃষ্টি হয়েছে।
সকালে এসেনশিয়াল ক্লোথিং লিমিটেডসহ কয়েকটি কারখানার শ্রমিকেরা প্রথমে আঞ্চলিক সড়কে বিক্ষোভ করেন। পরে তাঁরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মৌচাক এলাকায় অবস্থান নেন। এ সময় আশপাশের কয়েকটি কারখানার গেটে ইটপাটকেল নিক্ষেপের ঘটনাও ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা করা হয়।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করতে শ্রমিকদের সঙ্গে আলোচনা চলছে।
গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন বলেন, শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরানোর চেষ্টা চলছে। মজুরি বোর্ড গঠনের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে ধৈর্য ধরার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে উসকানিমূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকতে শ্রমিকদের সতর্ক করা হচ্ছে।

মন্তব্য করুন