প্রবারণা পূর্ণিমা উপলক্ষে রঙিন ফানুসের আলোয় বর্ণিল হয়ে উঠেছে কক্সবাজারের রামুর বৌদ্ধপল্লি। ধর্মীয় আচার-অনুষ্ঠান, প্রার্থনা ও উৎসবের আমেজে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।
রোববার (২৫ অক্টোবর) সন্ধ্যার পর রামু কেন্দ্রীয় সীমা বিহার মাঠ, মৈত্রী বিহারসংলগ্ন ছারাভিটা মাঠ এবং হাজারীকুল এলাকায় নানা রঙের ফানুস ওড়ানো হয়। এ আয়োজনে অংশ নেন বিভিন্ন বয়সী অসংখ্য নারী-পুরুষ।
ফানুসের আলো ও চারপাশের আলোকসজ্জায় তৈরি হয় মনোমুগ্ধকর পরিবেশ। উৎসবের মধ্য দিয়ে রামুর বৌদ্ধ ঐতিহ্য, সংস্কৃতি ও সাম্প্রদায়িক সম্প্রীতির চিত্র ফুটে ওঠে।
বড়ুয়াপাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কক্সবাজারের জেলা প্রশাসক এম এ মান্নান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিল্লুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) স্বরূপ মহুরি এবং রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে ফজলুল হক।
জেলা প্রশাসক বলেন, প্রবারণা পূর্ণিমা শুধু ধর্মীয় আনুষ্ঠানিকতা নয়; এটি পারস্পরিক শ্রদ্ধা, শান্তি, মৈত্রী ও সম্প্রীতির বার্তাও বহন করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জিল্লুর রহমান জানান, প্রবারণা পূর্ণিমা বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব। বর্ষাবাস শেষে এ উপলক্ষে বৌদ্ধবিহারগুলোতে প্রার্থনা ও বিভিন্ন ধর্মীয় আয়োজন অনুষ্ঠিত হয়।
রঙিন ফানুসের আলোয় রামুর এ আয়োজন ধর্মীয় ঐতিহ্যের পাশাপাশি বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মধ্যে সম্প্রীতি ও সহাবস্থানের বার্তাও তুলে ধরে।

মন্তব্য করুন