চিত্রনায়ক জায়েদ খানের মুখজুড়ে রক্তের মতো লাল দাগ দেখা যাওয়ার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে। কেউ সেটিকে পানের পিক, আবার কেউ টমেটো সস বলে মন্তব্য করেছেন। তবে ছবির পেছনের ঘটনা জানিয়েছেন অভিনেতা নিজেই।
বর্তমানে নিউইয়র্কে বসবাসরত জায়েদ খান কানাডায় ‘ভায়োলেন্স’ নামের একটি সিনেমার শুটিং করছেন। ছবিটির একটি খুনের দৃশ্য ধারণের সময় তার মুখে কৃত্রিম রক্ত ব্যবহার করা হয়েছিল। সেই দৃশ্যের ছবিই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের পর শুরু হয় আলোচনা।
জায়েদ খান জানান, সিনেমাটিতে বেশ কিছু নৃশংস ঘটনা ও অ্যাকশন দৃশ্য রয়েছে। এসব দৃশ্যের মাধ্যমে এবার তাকে ভিন্ন ধরনের চরিত্রে দেখা যাবে। তার দাবি, সিনেমাটি মুক্তি পেলে চরিত্রটি দেখে সমালোচকদের দৃষ্টিভঙ্গিও বদলাতে পারে।
‘ভায়োলেন্স’ সিনেমায় জায়েদ খানের সঙ্গে অভিনয়ের কথা ছিল চিত্রনায়িকা অধরা খান ও শিরিন শিলার। তবে পরিচালকের অপেশাদার আচরণের অভিযোগ তুলে সিনেমাটি থেকে সরে দাঁড়ান অধরা খান।
জায়েদ খানের সর্বশেষ মুক্তিপ্রাপ্ত পূর্ণদৈর্ঘ্য সিনেমা ‘সোনার চর’, যা ২০২৪ সালে মুক্তি পায়। দীর্ঘ বিরতির পর নতুন অ্যাকশনধর্মী সিনেমায় তার উপস্থিতি নিয়ে দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। তবে ‘ভায়োলেন্স’ সিনেমাটির মুক্তির তারিখ এখনো ঘোষণা করা হয়নি।

মন্তব্য করুন