জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ছাড়া অপ্রাপ্তবয়স্ক মেয়েদের একা বা কথিত প্রেমিকের সঙ্গে আবাসিক হোটেলে থাকার সুযোগ দিলে সংশ্লিষ্ট হোটেলের মালিক ও ব্যবস্থাপকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না।

শনিবার (২৪ অক্টোবর) দুপুরে কক্সবাজার জেলা প্রশাসন আয়োজিত ‘নিরাপদ পর্যটন নিশ্চিতকরণ’ শীর্ষক মতবিনিময় সভায় তিনি এ হুঁশিয়ারি দেন। শহরের পাবলিক লাইব্রেরি মিলনায়তনে অনুষ্ঠিত সভায় হোটেল-মোটেল ও রেস্তোরাঁর মালিক, পর্যটন ব্যবসায়ী এবং সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

শামীম আরা স্বপ্না বলেন, কক্সবাজারে অল্পবয়সী মেয়েদের কথিত প্রেমিকের সঙ্গে হোটেলে আসার ঘটনা দেখা যাচ্ছে। অপ্রাপ্তবয়স্কদের একা হোটেলে থাকার সুযোগ দেওয়া উচিত নয় বলে মন্তব্য করেন তিনি। এ ধরনের ঘটনায় বিভিন্ন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হচ্ছে বলেও উল্লেখ করেন সংসদ সদস্য।

পর্যটন ব্যবসায়ীদের উদ্দেশে তিনি বলেন, কক্সবাজারে এ ধরনের পরিস্থিতি চলতে দেওয়া যায় না। কেউ মা-বাবার সঙ্গে এলে হোটেলে থাকতে পারবে। তবে কথিত প্রেমিকের সঙ্গে এলে পরিচয়পত্র ছাড়া থাকার অনুমতি দেওয়া উচিত নয় বলে তিনি মত দেন।

সভায় কক্সবাজারের পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমান বলেন, কুমিল্লার সাম্প্রতিক একটি ঘটনাকে কেন্দ্র করে কক্সবাজারের নামও আলোচনায় এসেছে। নেতিবাচক প্রচারণার কারণে পর্যটকেরা যেন কক্সবাজার ভ্রমণে নিরুৎসাহিত না হন, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকতে হবে।

জেলা প্রশাসক এম এ মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল, ফায়ার সার্ভিস, পরিবেশ অধিদপ্তরসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং পর্যটন ব্যবসায়ী নেতারা বক্তব্য দেন।