ব্যক্তিগত স্বার্থে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ব্যবহার করা যাবে না বলে মন্তব্য করেছেন পানি সম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীকে দেশের ও জনগণের কল্যাণে কাজ করতে হবে। নির্বাচিত সরকারের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব, কারণ জনগণের কাছে সরকারের জবাবদিহি রয়েছে।

শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় লক্ষ্মীপুর টাউন হল মিলনায়তনে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) লক্ষ্মীপুর জেলা কমিটির শপথ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ্যানি বলেন, বিগত ১৭ বছরে পুলিশ বিভাগ যেভাবে পরিচালিত হয়েছে, সেভাবেই চলেছে। আগের সরকারের জবাবদিহির অভাব ছিল উল্লেখ করে তিনি বলেন, এ ধরনের ব্যবস্থায় স্বর্ণ ব্যবসায়ী, অন্যান্য ব্যবসায়ী কিংবা সাধারণ মানুষ কেউই প্রকৃত অর্থে উপকৃত হননি।

তিনি আরও বলেন, ভোটের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আন্দোলন করতে হয়েছে। গণতন্ত্রের ভিত্তি যত শক্তিশালী হবে, ব্যবসা-বাণিজ্য ও মানুষের অবস্থান তত বেশি সুদৃঢ় হবে।

দেশের অর্থনীতিতে ব্যবসায়ীদের ভূমিকার কথা তুলে ধরে পানিসম্পদমন্ত্রী বলেন, শুধু সরকার দেশপ্রেমিক হলে চলবে না, সবাইকে দেশপ্রেম ও দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। স্বর্ণ ব্যবসার মাধ্যমে অর্থনীতিকে শক্তিশালী করার পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টিতেও ব্যবসায়ীরা ভূমিকা রাখতে পারেন।

তিনি বলেন, প্রতিটি ব্যবসা-বাণিজ্য দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর নির্ভরশীল। তাই স্বাভাবিক আইনশৃঙ্খলা বজায় রাখতে সবাইকে সতর্ক ও দায়িত্বশীল থাকতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাজুসের কেন্দ্রীয় কমিটির সভাপতি এনামুল হক খান। সঞ্চালনা করেন বাজুস লক্ষ্মীপুর জেলা কমিটির চেয়ারম্যান সমীর কর্মকার। এ ছাড়া বাজুসের বিভিন্ন পর্যায়ের নেতা, স্থানীয় ব্যবসায়ী প্রতিনিধি এবং বিভিন্ন সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।