মানুষের জীবনে কখনো কখনো অপরিচিত কেউ এসে বদলে দেয় পুরো গল্প। এমনই রহস্যময় ও ব্যতিক্রমী কাহিনি নিয়ে নির্মিত হয়েছে নাটক ‘তোমার পরে তুমি’। এতে জুটি বেঁধেছেন ইয়াশ রোহান ও নাজনীন নীহা। গল্পের অন্যতম আকর্ষণ একটি পোষা বিড়াল।

নাটকের গল্পে সারা জীবনের কঠিন এক পরিস্থিতিতে দাঁড়িয়ে অঘটন ঘটানোর চেষ্টা করে। ঠিক সেই সময় তার সামনে হাজির হয় অপরিচিত এক যুবক সজল, যার সঙ্গে রয়েছে একটি পোষা বিড়াল। সজলের উপস্থিতিতে নিজের সিদ্ধান্ত বদলে ফেলে সারা। একসময় সজলের সঙ্গী ওই বিড়ালটির সঙ্গে সারারও ঘনিষ্ঠতা তৈরি হয়। সজলের হাত ধরে জীবনের নতুন দিশা খুঁজে পায় সে। এভাবেই গল্পে আসে নতুন মোড়।

নাটকটিতে সজল চরিত্রে অভিনয় করেছেন ইয়াশ রোহান এবং সারার ভূমিকায় রয়েছেন নাজনীন নীহা। তাঁদের সঙ্গে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে পার্থ শেখকে। এই প্রথম একই নাটকে একসঙ্গে অভিনয় করছেন এই তিন শিল্পী।

নাটকটি শিগগিরই সিএমভির ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে। এতে ব্যবহৃত হয়েছে ‘তোমার পিছু’ শিরোনামের একটি গান। নাজির মাহমুদের সুরে গানটি গেয়েছেন রিয়াদ।

রাসেল পারভেজের রচনায় নাটকটি নির্মাণ করেছেন জাহিদুল ইসলাম সুজন। নির্মাতা জানান, গল্পে একটি বিড়ালকে গুরুত্বপূর্ণ চরিত্র হিসেবে তুলে ধরা হয়েছে। মানুষের সঙ্গে একটি প্রাণীর গভীর সম্পর্ক কীভাবে জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে, সেটিই নাটকের মাধ্যমে দেখানোর চেষ্টা করেছেন তিনি।

নির্মাতার আশা, ব্যতিক্রমী গল্প ও প্রাণীর সঙ্গে মানুষের সম্পর্কের উপস্থাপনা দর্শকদের কাছে নতুন অভিজ্ঞতা হয়ে উঠবে।