সম্ভাব্য সাইবার হামলা ও নিরাপত্তাঝুঁকি এড়াতে সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট। বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেল থেকে ওয়েবসাইটটিতে প্রবেশ করা যাচ্ছে না।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান জানিয়েছেন, জরুরি নিরাপত্তা সমস্যার কারণে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ওয়েবসাইটটি বন্ধ করা হয়েছে। নিরাপত্তাঝুঁকি দূর করার পর এটি পুনরায় চালু করা হবে।

কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, পিএইচপি প্রোগ্রামিং ভাষার নিরাপত্তা ত্রুটি থেকে সম্ভাব্য সাইবার হামলার আশঙ্কায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওয়েবসাইটের দুর্বলতা শনাক্ত ও প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করতে কাজ চলছে।

সংশ্লিষ্ট সূত্র ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, সম্প্রতি পিএইচপি প্রোগ্রামিং ভাষার দুটি গুরুতর নিরাপত্তা ত্রুটি নিয়ে বিশ্বব্যাপী সতর্কতা তৈরি হয়েছে। এসব দুর্বলতা কাজে লাগিয়ে সাইবার অপরাধীরা দূর থেকে সার্ভারে অননুমোদিত নির্দেশনা কার্যকর করতে পারে। ফলে সার্ভারের গুরুত্বপূর্ণ ফাইল, ডেটাবেজ ও সংরক্ষিত তথ্য ঝুঁকিতে পড়ার আশঙ্কা রয়েছে।

বাংলাদেশ ব্যাংকের পাশাপাশি পিএইচপিভিত্তিক আরও কিছু ব্যাংক ও প্রতিষ্ঠানের ওয়েবসাইটেও সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানা গেছে। তবে নিরাপত্তা ত্রুটি কাজে লাগিয়ে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে কোনো সাইবার হামলা হয়েছে কি না, সে বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, এ ধরনের ঝুঁকি মোকাবিলায় সার্ভারের সফটওয়্যার হালনাগাদ, নিরাপত্তা দুর্বলতা সংশোধন এবং অননুমোদিত প্রবেশ ঠেকাতে কার্যকর ব্যবস্থা নেওয়া জরুরি।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, প্রয়োজনীয় নিরাপত্তা পরীক্ষা ও ঝুঁকি পর্যালোচনা শেষে ওয়েবসাইটটি আবার চালু করা হবে। তবে কখন নাগাদ এটি সচল হবে, সে বিষয়ে নির্দিষ্ট সময় জানানো হয়নি।