সাজেক পর্যটনকেন্দ্র বন্ধ রাখার প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন পর্যটনসংশ্লিষ্ট ব্যবসায়ী, পরিবহন মালিক, চালক ও স্থানীয় বাসিন্দারা। সমাবেশ থেকে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সাজেক পর্যটনকেন্দ্র খুলে দেওয়ার দাবি জানানো হয়েছে। অন্যথায় খাগড়াছড়ি অচল করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বিক্ষোভকারীরা।

শুক্রবার (২৩ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় সাজেক কাউন্টারের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি খাগড়াছড়ি শহরের শাপলা চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে আয়োজিত সমাবেশে বক্তারা সাজেক বন্ধ থাকায় পর্যটননির্ভর ব্যবসা-বাণিজ্য ও স্থানীয় মানুষের জীবিকা ক্ষতিগ্রস্ত হওয়ার কথা তুলে ধরেন।

বক্তারা বলেন, দীর্ঘদিন পর্যটনকেন্দ্র বন্ধ থাকলে হোটেল, রিসোর্ট ও অন্যান্য পর্যটনসংশ্লিষ্ট ব্যবসার পাশাপাশি পরিবহন খাতও ক্ষতির মুখে পড়বে। এতে ব্যবসায়ী, গাড়ির মালিক, চালক ও স্থানীয় অনেক পরিবার আর্থিক সংকটে পড়তে পারে।

সমাবেশে বক্তারা দ্রুত সাজেকের পর্যটন কার্যক্রম চালুর দাবি জানান। নির্ধারিত সময়ের মধ্যে দাবি পূরণ না হলে আরও কঠোর কর্মসূচি নেওয়ার হুঁশিয়ারিও দেন তাঁরা।

সমাবেশে বক্তব্য দেন পার্বত্য যানবাহন মালিক সমিতির সভাপতি আইয়ুশ চাকমা, সম-অধিকার আন্দোলনের সাধারণ সম্পাদক মো. আসাদ উল্লাহ, সিএনজি মালিক সমিতির সভাপতি জসীম উদ্দিন এবং ই-ট্যুরিজম অ্যাসোসিয়েশনের সভাপতি উজ্জ্বল।