ভারতীয় সংগীতশিল্পী দিলজিৎ দোসাঞ্জের দিল্লি কনসার্ট ঘিরে অনিশ্চয়তা তৈরি হয়েছে। আগামী ৩০ অক্টোবর দিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়ামে তাঁর ‘অরা ইন্ডিয়া ট্যুর’-এর প্রথম অনুষ্ঠান হওয়ার কথা থাকলেও নিরাপত্তাজনিত কারণে অনুমতি দিতে অস্বীকৃতি জানিয়েছে দিল্লি পুলিশ।
হিন্দুস্তান টাইমস সিটির প্রতিবেদন অনুযায়ী, টিকিট বিক্রির প্রতিষ্ঠান বুকমাইশোকে চিঠি দিয়ে পুলিশের পক্ষ থেকে এ সিদ্ধান্ত জানানো হয়েছে। উৎসবের মৌসুমে নিরাপত্তা জোরদার রাখা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে অনুষ্ঠান আয়োজনের অনুমতি দেওয়া সম্ভব নয় বলে জানিয়েছে পুলিশ।
এ সিদ্ধান্তের ফলে নির্ধারিত দিনে কনসার্টটি অনুষ্ঠিত হবে কি না, তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। ইতোমধ্যে টিকিট কেনা দর্শক ও দিলজিতের ভক্তদের মধ্যেও উদ্বেগ তৈরি হয়েছে।
প্রায় দুই বছর পর ভারতে কনসার্টে ফিরছেন দিলজিৎ দোসাঞ্জ। তাঁর ‘অরা ইন্ডিয়া ট্যুর’ দিল্লি থেকে শুরু হওয়ার কথা রয়েছে। ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুযায়ী, এই কনসার্টের টিকিটের সর্বোচ্চ মূল্য ১৮ হাজার রুপি। ফলে চড়া দামে টিকিট কেনা ভক্তদের মধ্যে অনুষ্ঠানটি নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে।
তবে কনসার্টের বিকল্প আয়োজন, নতুন তারিখ কিংবা টিকিটের অর্থ ফেরত দেওয়ার বিষয়ে বিস্তারিত তথ্য প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।

মন্তব্য করুন