হলিউডের জনপ্রিয় অভিনেতা টম ক্রুজ এবার আমেরিকান ফিল্ম ইনস্টিটিউটের (এএফআই) আজীবন সম্মাননা পেতে যাচ্ছেন। চলচ্চিত্রে দীর্ঘদিনের অবদান ও অভিনয়জীবনের স্বীকৃতি হিসেবে তাঁকে ৫২তম এএফআই লাইফ অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডের জন্য নির্বাচিত করা হয়েছে।

আগামী বছরের ২৪ এপ্রিল হলিউডের ডলবি থিয়েটারে আয়োজিত অনুষ্ঠানে তাঁর হাতে এই সম্মাননা তুলে দেওয়া হবে।

এএফআইয়ের পরিচালনা পর্ষদের চেয়ারপারসন ক্যাথলিন কেনেডি এক বিবৃতিতে বলেন, অভিনেতা ও প্রযোজক হিসেবে টম ক্রুজ প্রতিটি কাজের প্রতি অসাধারণ নিষ্ঠা দেখিয়েছেন। চলচ্চিত্রের প্রতি তাঁর ভালোবাসা এবং সিনেমার মাধ্যমে মানুষকে একত্র করার বিশ্বাস তাঁকে বিশ্বজুড়ে মার্কিন চলচ্চিত্রের একজন গুরুত্বপূর্ণ দূত করে তুলেছে।

১৯৮১ সালে অভিনয়জীবন শুরু করেন টম ক্রুজ। চার দশকেরও বেশি সময় ধরে তিনি হলিউডে নিজের অবস্থান ধরে রেখেছেন। তাঁর অভিনীত চলচ্চিত্রগুলোর মোট আয় ১৩ দশমিক ৩ বিলিয়ন ডলার ছাড়িয়েছে।

‘টপ গান’, ‘মিশন: ইমপসিবল’, ‘রিস্কি বিজনেস’, ‘মাইনরিটি রিপোর্ট’, ‘ইন্টারভিউ উইথ দ্য ভ্যাম্পায়ার’, ‘আ ফিউ গুড মেন’ ও ‘দ্য ফার্ম’-এর মতো চলচ্চিত্র তাঁকে আন্তর্জাতিক তারকাখ্যাতি এনে দিয়েছে।

অস্কারে একাধিকবার মনোনয়ন পেলেও প্রতিযোগিতামূলক বিভাগে পুরস্কার জেতা হয়নি তাঁর। তবে গত বছর তিনি সম্মানসূচক অস্কার পেয়েছেন। এবার এএফআইয়ের আজীবন সম্মাননা তাঁর দীর্ঘ অভিনয়জীবনের অর্জনের তালিকায় নতুন সংযোজন হতে যাচ্ছে।