ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সৌদি আরবের রাজধানী রিয়াদ লক্ষ্য করে এগিয়ে আসে। তবে সৌদি আরবের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ক্ষেপণাস্ত্রটি আকাশেই প্রতিহত ও ধ্বংস করেছে।

শুক্রবার (২৩ অক্টোবর) সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি এ তথ্য জানান।

সম্ভাব্য হামলার আশঙ্কায় এর আগে রিয়াদের বাসিন্দাদের সতর্ক করে জরুরি বার্তা জারি করে সৌদি বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ। দেশটির জাতীয় আগাম সতর্কতা প্ল্যাটফর্মের মাধ্যমে এ বার্তা দেওয়া হয়। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে বাসিন্দাদের নিরাপত্তা নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়।

এ ছাড়া সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় নাজরান প্রদেশ, আভা শহর ও খামিস মুশাইত এলাকাতেও জরুরি সতর্কতা জারি করা হয়েছিল। পরিস্থিতির ঝুঁকি কমে আসায় কয়েক মিনিটের মধ্যে এসব এলাকার সতর্কতা তুলে নেওয়া হয়।

কর্তৃপক্ষ বাসিন্দাদের নিরাপত্তা নির্দেশনা মেনে চলার পাশাপাশি ক্ষতিগ্রস্ত এলাকায় ভিড় না করতে এবং ছবি বা ভিডিও ধারণ থেকে বিরত থাকতে বলেছে।